মা দুর্গার ১০টি নয়, ১১টি হাত! সরকারি পোস্টারের এই মারাত্মক ভুলেই তুঙ্গে রাজনৈতিক তরজা!

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো একটি সরকারি বিজ্ঞাপন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে উৎসবের শুভেচ্ছা বার্তা নয়, বরং বিজ্ঞাপনে ব্যবহৃত মা দুর্গার একটি ছবি। আর সেই ছবি ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল তরজা। কারণ, বিজ্ঞাপনে দেবী দুর্গার হাতের সংখ্যা ১০টি নয়, বরং ১১টি দেখানো হয়েছে!
সামাজিক মাধ্যমে এই পোস্টার ভাইরাল হতেই আসরে নেমেছে রাজ্যের বিরোধী দলগুলো। সরকারি এই বিজ্ঞাপন নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “বিজেপির তরফ থেকে দেবীর প্রতিমার বিকৃতি নিয়ে বড় বড় কথা বলা হয়, অথচ মা দুর্গাকে দশভুজা থেকে একাদশভুজা বানিয়ে দেওয়া হলো! বাড়তি হাত কোথা থেকে এল? জনগণের ওপর ফতোয়া জারি করার আগে নিজেদের এই ভুল সংশোধন করুন।” একই সুরে মদন মিত্র মন্তব্য করেন, “একজন বাঙালি হিসেবে মায়ের ১১টি হাত কিছুতেই মেনে নিতে পারছি না।”
পিছিয়ে নেই সিপিএমও। এই ছবি শেয়ার করে সিপিএম নেতা শতরূপ ঘোষ কটাক্ষের সুরে লিখেছেন, “দেবতাদের পক্ষ থেকে দুর্গাকে দশ হাতে অস্ত্র দেওয়া হয়েছিল অসুর বধের জন্য। আর বিজেপি সরকারের পক্ষ থেকে ঠাকুরকে একটা এক্সট্রা হাত দেওয়া হয়েছে!”
কী বলছে বিজেপি? এই প্রবল বিতর্কের মুখে পড়ে বিজেপির পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে। দলের নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “মা দুর্গা আরও শক্তিশালী হয়ে গেছেন! যদিও আমি বিজ্ঞাপনটা দেখিনি। কোনো এজেন্সি ছাপতে গিয়ে হয়তো কোনো ভুল করেছে… এটা কি আদৌ কোনো রাজনীতির বিষয়? ভুল হলে তা সংশোধন করে দেওয়া হবে।”