একটা গদির দাম ৭ কোটি টাকা! এর ভেতরে কী এমন আছে যা কিনতে আস্ত একটা রাজপ্রাসাদ বিক্রি করতে হবে?

সাধারণত আমরা যখন বিছানার গদি বা ম্যাট্রেস কিনতে যাই, তখন কমফোর্ট, স্থায়িত্ব এবং বাজেটই আমাদের প্রধান বিবেচ্য বিষয় হয়। কিন্তু আপনি কি কখনো কল্পনা করতে পেরেছেন যে একটিমাত্র ম্যাট্রেসের দাম হতে পারে প্রায় ৭.৩ কোটি টাকা (প্রায় ১.৭ মিলিয়ন মার্কিন ডলার)? শুনতে অবিশ্বাস্য মনে হলেও, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এই ম্যাট্রেসটি শুধু তার চোখ কপালে তোলার মতো দামের জন্যই নয়, বরং এর সুদীর্ঘ নির্মাণশৈলী এবং বিরল প্রাকৃতিক উপাদানের ব্যবহারের কারণে গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সুইডেনের বিখ্যাত বিলাসবহুল বেডিং কোম্পানি ‘হ্যাসটেন্স’ (Hästens) এই তাকলাগানো ম্যাট্রেসটি তৈরি করেছে। কোম্পানির সবচেয়ে দামী মডেল ‘গ্র্যান্ড ভিভিডাস’-এর এই ম্যাট্রেসটি তৈরির নেপথ্যে রয়েছে দীর্ঘ ১৭০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্য। ১৮৫২ সালে পেহর অ্যাডলফ জ্যানসন এই কোম্পানির প্রতিষ্ঠা করেছিলেন এবং আজ পর্যন্ত এর ব্যবসা পরিবারের পরবর্তী প্রজন্মের হাতেই পরিচালিত হচ্ছে।
তবে এই ম্যাট্রেসটিকে সাধারণ অর্থে শুধু ঘুমানোর গদি বলা ভুল হবে, এটিকে একটি সম্পূর্ণ বিলাসবহুল বেডিং সেট হিসেবে ডিজাইন করা হয়েছে। এই গদি তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত সময়সাপেক্ষ এবং নিখুঁত। যন্ত্রের সাহায্যে গণ-উৎপাদনের পথে না হেঁটে এই ম্যাট্রেসটি সম্পূর্ণ হাতে তৈরি করা হয়। একটিমাত্র গ্র্যান্ড ভিভিডাস ম্যাট্রেস তৈরি করতে কারিগরদের প্রায় ৬০০ ঘণ্টা বা প্রায় ২৫ দিন সময় লাগে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এর কাঁচামাল। সাধারণ ম্যাট্রেসের মতো এতে কোনো সিন্থেটিক ফোমের ব্যবহার করা হয় না। পরিবর্তে, এতে ব্যবহার করা হয় ঘোড়ার লেজের চুল, খাঁটি উল, তুলা এবং শণের মতো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। গদির ভেতরে ঘোড়ার চুল ব্যবহারের বিষয়টি প্রথমে অদ্ভুত মনে হতে পারে, তবে শরীরের সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং দীর্ঘস্থায়ী আরাম নিশ্চিত করতেই এই বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়। এককথায়, বিলাসবহুল জীবনযাপন এবং ঘুমের চরম আরামকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতেই এই রাজকীয় আয়োজন।