‘ওদের হোমিওপ্যাথিক ডোজ দিয়েছিলাম…’ শ্রী রাম কলেজ অফ কমমার্সের শতবর্ষে কোন বিস্ফোরক মন্তব্য মোদির?

শতবর্ষের ঐতিহ্যে মোড়া শ্রী রাম কলেজ অফ কমার্স (SRCC)-এর বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়ে কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস ও প্রাক্তনীদের অবদানের মুক্তকণ্ঠে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির দরিয়াগঞ্জের একটি ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে আজকের এই বিশাল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নেওয়ার দীর্ঘ পথচলা এবং বহু প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে কলেজটির ভূমিকার কথা বিশেষভাবে স্মরণ করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুরোনো স্মৃতিতে ভেসে যান প্রধানমন্ত্রী। তিনি বিশেষভাবে স্মরণ করেন প্রয়াত অর্থমন্ত্রী তথা এই কলেজের প্রাক্তনী অরুণ জেটলিকে। মোদি জানান, তাঁদের বহু বৈঠকে জেটলি তাঁর কলেজ জীবনের বিভিন্ন স্মৃতি ভাগ করে নিতেন। পাশাপাশি, বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্দেশে কথা বলতে গিয়ে তাঁর ২০১৩ সালের বহুচর্চিত সেই ভাষণের প্রসঙ্গও টেনে আনেন তিনি। বর্তমানের ‘জেন জি’ (Gen Z) প্রজন্মের ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে উপস্থিত সকলকে মাতিয়ে তোলেন।
শিক্ষার পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি, আইন ও বিচারবিভাগের মতো বিভিন্ন ক্ষেত্রে এই কলেজের প্রাক্তনীরা যেভাবে দেশজুড়ে নিজেদের ছাপ ফেলেছেন, তারও ভূয়সী প্রশংসা করেন মোদি। শতবর্ষের এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে এসআরসিসি চত্বরে এক অভূতপূর্ব উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।