নেতাজি ইন্ডোর নয়, এবার ভিক্টোরিয়ায় কিসমত বদলাচ্ছে চলচ্চিত্র উৎসবের! মিঠুন-প্রসেনজিতের উপস্থিতিতে মহাচমক

নতুন সরকারের হাত ধরে সম্পূর্ণ এক নতুন ও বর্ণময় রূপ পেতে চলেছে ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হতে চলেছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই হাইপ্রোফাইল উৎসবের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতেই মঙ্গলবার, ২৭ অক্টোবর শহরের নন্দন চত্বরে আয়োজিত হয়েছিল এক হাই-ভোল্টেজ বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন সিনেজগতের একাধিক রথী-মহারথী—মহাতারকা মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুপারস্টার জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায় এবং কিংবদন্তি নির্দেশক সন্দীপ রায় সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উৎসবের রাজকীয় পরিকল্পনা নিয়ে মুখ খোলেন মহাতারকা মিঠুন চক্রবর্তী। তাঁর বক্তব্য অনুযায়ী, এবারের চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে তিলোত্তমা কলকাতাকে এক নতুন সাজে সাজিয়ে তোলার বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থানকে উৎসবের বিশেষ আবহ ও আলোকসজ্জায় মুড়ে ফেলা হবে। একই সাথে সবথেকে বড় চমক থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে। এতদিন যেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ধনধান্য অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান সীমাবদ্ধ থাকত, এবার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জোর পরিকল্পনা চলছে, যেখানে পাতা হবে রাজকীয় রেড কার্পেট।
অতিথি তালিকাতেও থাকতে চলেছে একাধিক হাই-ভোল্টেজ সারপ্রাইজ। মিঠুন চক্রবর্তী জানান, এ বছর চলচ্চিত্র উৎসবের মঞ্চ আলো করে উপস্থিত থাকতে পারেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের দুই মেগাস্টার রজনীকান্ত এবং প্রভাস। এছাড়া বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের সঙ্গে ইতিবাচক কথাবার্তা সম্পূর্ণ হয়েছে এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গেও যোগাযোগের পরিকল্পনা রয়েছে। তবে অতিথি তালিকা অহেতুক দীর্ঘ না করে গুণমানের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশ বিশ্বমঞ্চের তারকা বা হলিউডের একাধিক প্রথমসারির মুখকে কলকাতায় আনারও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আয়োজক কমিটি।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সাংস্কৃতিক পরিমণ্ডলেও এই পরিবর্তনের হাওয়া অত্যন্ত স্পষ্ট। প্রতি বছর সাধারণত নভেম্বর মাসে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হলেও, নতুন সরকারের অধীনে সময়সূচি কিছুটা পিছিয়ে ডিসেম্বরে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে বহু দেশ থেকে সেরা সব আন্তর্জাতিক সিনেমার আবেদন জমা পড়েছে। আর এবারের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে মহানায়ক উত্তম কুমারের কালজয়ী সব সিনেমার বিশেষ মেলবন্ধন। সব মিলিয়ে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে বিনোদন জগতে এখনই উন্মাদনা তুঙ্গে।