বিগ বসের সেটে তুলকালাম! হাতাহাতি-বিতর্কের মাঝেই তারকাদের সোজা জেলে পুরলেন জীতু কামাল, নেপথ্যে কোন অপরাধ?

‘বিগ বস’-এর সেটে হঠাৎই চরম তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসলেন জনপ্রিয় অভিনেতা জীতু কামাল! নিয়ম ভাঙার অপরাধে এক এক করে প্রতিযোগীদের সোজা জেলে পুরে দিলেন তিনি। প্রিয় তারকার এমন আগ্রাসী মেজাজ এবং আচমকা শাস্তির মুখে পড়ে রীতিমতো হতবাক ঘরের বাকি সদস্যরা ও দর্শকেরা।

আসলে, ‘বিগ বস’-এর ঘরে সম্প্রতি শুরু হয়েছে এক উত্তেজনাপূর্ণ লাক্সারি বাজেট টাস্ক। সেই টাস্কে পুরো ঘর দুটি আলাদা দলে বিভক্ত হয়ে পড়েছে। এই বিশেষ খেলায় মূল সঞ্চালক ও ‘চিফ কমান্ডার’-এর ভূমিকায় রয়েছেন জীতু কামাল। তাঁর তত্ত্বাবধানে নিরঞ্জন ও সৃজলার নেতৃত্বে দুটি দল একে অপরের মুখোমুখি হয়। খেলায় প্রতিযোগীদের নানা ভুলত্রুটি ধরা পড়ার পর চিফ কমান্ডার হিসেবে জীতু কড়া হাতে শাস্তি দিতে শুরু করেন এবং একাধিক সদস্যকে সরাসরি জেলে বন্দি করেন।

টাস্কটি বেশ টানটান উত্তেজনার মধ্য দিয়ে এগোলেও আসল গণ্ডগোল বাঁধে অন্য জায়গায়। পয়েন্টের হিসেবে নিরঞ্জনের টিম এগিয়ে থাকলেও আচমকা তাদের একটি স্টার গায়েব হয়ে যায়। সেই পয়েন্ট চুরির সন্দেহ সরাসরি গিয়ে পড়ে স্বয়ং চিফ জীতুর ওপর। এই নিয়ে বিতর্ক শুরু হলে তনুশ্রীকে উদ্দেশ্য করে জীতু জানান যে, তনুশ্রী তাঁকে ‘চোর’ বলতে পারেন না, কারণ আগের খেলাতেও তিনি মোহর চুরি করেছিলেন। তনুশ্রী এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে জীতু ক্ষমতার দাপটে তাঁকে থামিয়ে দেন এবং রেগে গিয়ে নিরঞ্জনের দল থেকে আরও দুটি স্টার কেটে নেন। ঘটনার জল এতটাই গড়ায় যে শেষ পর্যন্ত তনুশ্রীকে ওই খেলা থেকে ডিসকোয়ালিফাই করে দেন জীতু কামাল।