হঠাৎ বুকে তীব্র ব্যথা, তারপর সব শেষ! রবিবার ভোরে ঝাড়খণ্ডের রাজনীতিতে নামল শোকের ছায়া

রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ঝাড়খণ্ডের মন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) দলের বর্ষীয়ান নেতা সুদিব্য কুমার সোনু। গিরিডির মার্সি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনসহ গোটা রাজনৈতিক মহল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে আনা হয়েছিল সুদিব্য কুমারকে। মার্সি হাসপাতালের চিকিৎসক শাহজাদ শেখ জানান, হাসপাতালে আনার পরই তাঁর বমি ফুসফুসে চলে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। দ্রুত ইনটিউবেশন ও ইসিজি করার পর হার্ট অ্যাটাকের লক্ষণ স্পষ্ট হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালালেও এবং সিপিআর (CPR) দেওয়া সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। মাত্র ১০-১৫ মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়।
মন্ত্রীর এই আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এক্স হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্টে তিনি লেখেন, “গভীর রাতে আমার বড় ভাই, আমাদের প্রিয় সুদিব্য কুমার সোনু জির মৃত্যুর হৃদয়বিদারক খবর পেলাম। সোনু ভাইয়া আমার কাছে শুধু একজন সিনিয়র সহকর্মী ছিলেন না, তিনি ছিলেন অভিভাবক ও বড় ভাইয়ের মতো। তাঁর এই চলে যাওয়া আমার জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল।” জেএমএম দলের পক্ষ থেকেও শোক প্রকাশ করে জানানো হয়েছে, এই ক্ষতি দল, সরকার এবং গোটা রাজ্যের জন্য অপূরণীয়। শোকসন্তপ্ত পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছে রাজনৈতিক মহল।