দিল্লিতে প্রশাসনিক বড়সড় রদবদল! প্রথমবার লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার নিয়োগ সরকারের

প্রশাসনিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে এক বড় পদক্ষেপ করল দিল্লি সরকার। এই প্রথমবার সম্পূর্ণ তথ্যপ্রযুক্তি-ভিত্তিক দৈবচয়ন বা লটারি প্রক্রিয়ার মাধ্যমে শহরের সমস্ত ৩৯টি মহকুমায় সাব-রেজিস্ট্রার নিয়োগ করা হয়েছে। অতিরিক্ত মুখ্য সচিবের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পরিষেবা আরও সহজলভ্য করতে দিল্লি সরকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সংখ্যা ২২ থেকে বাড়িয়ে ৩৯টিতে উন্নীত করেছে। এর ফলে এখন থেকে ১৩টি রাজস্ব জেলার ৩৯টি মহকুমাতেই পৃথক সাব-রেজিস্ট্রার পাওয়া যাবে এবং স্থানীয় বাসিন্দারা নিজ এলাকাতেই সমস্ত নিবন্ধন সংক্রান্ত পরিষেবা লাভ করতে পারবেন।

নতুন এই নিয়মে কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে বিশেষ কিছু মানদণ্ড বজায় রাখা হয়েছে। সুস্বাস্থ্য, পর্যাপ্ত চাকরির মেয়াদ এবং ভিজিল্যান্স বা সততার শংসাপত্র খতিয়ে দেখার পরই প্রযুক্তির সহায়তায় লটারির মাধ্যমে তাদের পোস্টিং দেওয়া হয়েছে। কিছু পুরানো কর্মকর্তাকে বহাল রাখার পাশাপাশি নতুনদেরও এই দায়িত্ব দেওয়া হয়েছে।

দিল্লি সরকারের এই স্বচ্ছ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। নবনিযুক্ত কর্মকর্তাদের সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারের মূল লক্ষ্য হলো এমন একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো তৈরি করা, যা সরকারি কাজকে আরও সুশৃঙ্খল এবং নাগরিকদের জন্য পুরোপুরি ঝামেলাহীন করে তুলবে।

Pratik Saha
  • Pratik Saha