ডলারের দিন শেষ? ব্রিকস সম্মেলনে ভারতীয় ইউপিআই-এর বিশ্বজয়ের ছক, নড়বড়ে হতে চলেছে আমেরিকার আধিপত্য

বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যে এবার বড়সড় ধাক্কা লাগার পালা। ভারতের মাটিতে বসেই ডলারে রমরমা ভাঙার এক অভিনব ও যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলির মধ্যে ডলারের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রায় লেনদেন সহজ করতে আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট এবং সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC) সংযুক্ত করার একটি মেগা পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হতে চলেছে। আর এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে ভারতের সাফল্যের মুকুট—ইউপিআই (UPI) মডেল।
বিশেষজ্ঞদের মতে, ব্রিকস দেশগুলির দ্রুত পেমেন্ট ব্যবস্থাকে একে অপরের সঙ্গে যুক্ত করতে পারলে দুটি দেশের মধ্যে বাণিজ্যের নিষ্পত্তির জন্য আর মধ্যস্থতাকারী হিসেবে ডলারের প্রয়োজন পড়বে না। ভারত ও রাশিয়ার মতো দেশগুলি যেমন নিজেদের মধ্যে রুপি ও রুবলে বাণিজ্য চালায়, তেমনই এই ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠলে তা বিশ্ব বাণিজ্যের চেনা ছবিটাই বদলে দেবে। এর ফলে একদিকে যেমন ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত দ্রুত ও সাশ্রয়ী উপায়ে পেমেন্ট করার সুযোগ পাবে, তেমনই বিশ্বমঞ্চে রুপির আন্তর্জাতিক ব্যবহারও বহুগুণ বৃদ্ধি পাবে।
তবে এই বিরাট পথ চলা যে কুসুমাস্তীর্ণ নয়, তাও স্পষ্ট। সদস্য দেশগুলির ভিন্ন ব্যাংকিং ব্যবস্থা, আলাদা প্রবিধান, সাইবার নিরাপত্তা এবং চীনের নিজস্ব আর্থিক পরিকাঠামোর মতো বিষয়গুলিকে সামলে একটি অভিন্ন পেমেন্ট চ্যানেল তৈরি করা বড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও ডলারের মুখাপেক্ষী না থেকে বিকল্প ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো গড়ে তোলার এই প্রচেষ্টা সফল হলে তা ভারতের ডিজিটাল গণপরিকাঠামোর মুকুটে নতুন এক ঐতিহাসিক পালক যোগ করবে বলেই মনে করছে অর্থনৈতিক মহল।