বিয়ের জন্য নয়, শুধু টাকার লোভেই স্বয়ম্বর করেছিলেন রাখী! ১৫ বছর পর ফাঁস করলেন সবথেকে বড় সত্য

বলিউড ইন্ডাস্ট্রিতে বিতর্ক এবং রাখী সবন্ত যেন একে অপরের সমার্থক। বিভিন্ন সময়ে নানা কারণে খবরের শিরোনামে উঠে আসা এই অভিনেত্রী এবার নিজের জীবনের এক অতীতের পাতা উলটে দিলেন, যা শুনে রীতিমতো অবাক হয়েছেন তাঁর অনুরাগীরা। ২০০৯ সালে একটি জনপ্রিয় চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল এক অভিনব নন-ফিকশন রিয়্যালিটি শো—’রাখী কা স্বয়ম্বর’। যেখানে ক্যামেরার সামনেই ব্যবসায়ী ইলেশ পারুজানওয়ালার গলায় মালা দিয়েছিলেন রাখী। এমনকি তাঁদের বাগদান ও কিছুকাল একসঙ্গে থাকার ঘটনাও কম শোরগোল ফেলেনি। কিন্তু এতদিন পর সেই শো এবং বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন খোদ অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখী স্বীকার করেছেন যে, সেই সময় তাঁর বিন্দুমাত্র ইচ্ছে ছিল না বিয়ে করার। তাঁর কথায়, শোয়ে যে সমস্ত ছেলেদের প্রতিযোগী হিসেবে আনা হয়েছিল, তারা প্রত্যেকেই স্ট্রাগলার ছিলেন। তখন তাঁর বয়সও অনেক কম ছিল এবং কেরিয়ারের সেই প্রাথমিক পর্যায়ে তাঁর একমাত্র লক্ষ্য ছিল নিজের একটা বাড়ি তৈরি করা। সেই সময়ে ভাড়াবাড়িতে থাকা রাখী জানান, প্রযোজক ও পরিচালকরা চিত্রনাট্য বুঝিয়ে দিলেও তাঁর মন ভালোবাসার দিকে ছিল না। তিনি সোজাসাপটা জানান, কেবল ভালো অংকের টাকা পাওয়ার লোভেই তিনি ওই স্বয়ম্বর শোয়ে অংশ নিয়েছিলেন, যাতে নিজের মাথার ওপর একটা ছাদ তৈরি করতে পারেন।

পরবর্তীকালে ইলেশ পারুজানওয়ালার সঙ্গে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। লিভ-ইন করার সময় থেকেই দু’জনের মধ্যে মতের অমিল শুরু হয় এবং শেষ পর্যন্ত সেই সম্পর্কে চিরতরে বিচ্ছেদ ঘটে। জীবনের প্রথম ওই স্বয়ম্বর পর্বের নেপথ্যের আসল সত্যিটা প্রকাশ্যে আসার পর থেকেই বলিপাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা।

Pratik Saha
  • Pratik Saha