রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে কি এবার আসরে নামছে দিল্লি? বড় বার্তা বিদেশমন্ত্রী জয়শঙ্করের

ইউক্রেন যুদ্ধ অবসানের চেষ্টায় সম্ভাব্য সব উপায়ে অবদান রাখতে ভারত সম্পূর্ণ প্রস্তুত বলে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ কিভ সফরে গিয়ে এই বার্তা দেন তিনি। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেন, “ভারত যদি কোনওভাবে কোনও সহায়তা করতে পারে, তবে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে ভারত মধ্যস্থতা করতেও প্রস্তুত।”

সফরে দুই দেশের মন্ত্রীদের বৈঠকে বাণিজ্যিক জাহাজের উপর হামলার বিষয়টি বিশেষভাবে স্থান পায়। জয়শঙ্কর জানান, বর্তমান পরিস্থিতিতে এই নিরাপত্তা ইস্যুটি অত্যন্ত গুরুত্ব পেয়েছে এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিহা আশাবাদী যে বর্তমান পরিস্থিতিতে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় নতুন গতি আসবে। বিশ্বের বিভিন্ন রাজধানীতে পুনরায় রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ায় শান্তি প্রচেষ্টায় নতুন গতিশীলতা তৈরি হবে বলে তিনি বিশ্বাস করেন। কিয়েভে সাংবাদিকদের সিহা জানান, বিশ্বের অনেক রাজধানীতে কূটনৈতিক তৎপরতা ফিরে আসার ফলে যুদ্ধ থামানোর আলোচনায় নতুন মাত্রা যোগ হবে। উল্লেখ্য, এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যুদ্ধ অবসানের লক্ষ্যে শান্তি আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন, যার ফলে আন্তর্জাতিক মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে।