২৪ ঘণ্টার মধ্যে আখের দাম মেটানোর বিরাট প্রতিশ্রুতি! ২০২৭ সালে কি তবে উত্তরপ্রদেশে আসছে এসপি সরকার?

উত্তরপ্রদেশের সাহারানপুরের জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির (এসপি) জাতীয় সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, কৃষকদের সমস্যা এবং দুর্নীতির জেরে রাজ্যের মানুষ চরম বিপর্যস্ত বলে দাবি করে তিনি স্পষ্ট ঘোষণা করেছেন যে, ২০২৭ সালে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সরকার গঠিত হওয়া নিশ্চিত।

এদিনের জনসভা থেকে রাজ্যের আখচাষিদের জন্য একগুচ্ছ বড় প্রতিশ্রুতি দিয়েছেন অখিলেশ। তিনি ঘোষণা করেন, ২০২৭ সালে এসপি সরকার ক্ষমতায় এলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আখচাষিদের বকেয়া মূল্য পরিশোধ নিশ্চিত করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য উন্নত বীজ, ভর্তুকিযুক্ত কীটনাশক এবং ফসলের সঠিক ন্যূনতম সহায়ক মূল্য (MSP) দেওয়ারও আশ্বাস দেন তিনি। এছাড়া দেশের যুবসমাজকে আকৃষ্ট করতে বিতর্কিত ‘অগ্নিবীর’ প্রথার অবসান ঘটিয়ে সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগ ব্যবস্থা ফিরিয়ে আনার জোরালো ঘোষণা করেন এসপি প্রধান।

বিজেপি সরকারের জনপরিষেবা ও পরিকাঠামো নিয়েও তীব্র কটাক্ষ করেছেন অখিলেশ। জল জীবন মিশনের তীব্র সমালোচনা করে তিনি জানান, বহু জায়গায় জলের ট্যাঙ্ক ও পাইপ বসালেও জলের দেখা নেই। এমনকি রাজ্যজুড়ে এক্সপ্রেসওয়ের বেহাল দশাও নির্বাচনী প্রচারে বড় ইস্যু হবে বলে হুঙ্কার দেন তিনি। সাহারানপুরের ঐতিহ্যবাহী কাঠ খোদাই শিল্প এবং স্থানীয় কারিগরদের জন্য বিশেষ প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও আর্থিক ভর্তুকির প্রতিশ্রুতিও দিয়েছেন অখিলেশ।

ব্যাঙ্ক থেকে জাল নোট উদ্ধার প্রসঙ্গে কেন্দ্র সরকারের নোটবন্দি নীতিকে সরাসরি ‘ব্যর্থ’ বলে তোপ দেগেছেন তিনি। সংরক্ষণ ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে অখিলেশ সাফ জানিয়ে দেন যে, “সংরক্ষণ ছিল, আছে এবং থাকবে।” একই সঙ্গে জাতভিত্তিক জনগণনার পক্ষে সওয়াল করে জনসংখ্যার অনুপাতে প্রতিটি নাগরিকের অধিকার ও সম্মান নিশ্চিত করার দাবি তুলেছেন তিনি।