অপারেশন সিঁদুরের নায়ক এবার অযোধ্যায়! রাম মন্দির ট্রাস্টের প্রথম সিইও হলেন বায়ুসেনার এই হেভিওয়েট অফিসার

অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে আরও পেশাদার, স্বচ্ছ এবং সুসংহত করার লক্ষে বড়সড় পদক্ষেপ নেওয়া হলো। ট্রাস্টের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেলেন ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল তথা ‘অপারেশন সিঁদুর’-এর অন্যতম কান্ডারি জিতেন্দ্র মিশ্র। সাম্প্রতিক বিতর্কের পর ট্রাস্টের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেশজুড়ে ৫,৫০০-র বেশি প্রার্থীর মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তিন সদস্যের অনুসন্ধান কমিটি তাঁর নাম চূড়ান্ত করে। নতুন দায়িত্বে থেকে তিনি মন্দিরের দৈনন্দিন প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং ভক্তদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়গুলো তত্ত্বাবধান করবেন।

বর্ণাঢ্য সামরিক জীবন ও যুদ্ধের ময়দান

উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার ভোপাতপুরা গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান জিতেন্দ্র মিশ্র ১৯৮৬ সালের ডিসেম্বরে ফাইটার পাইলট হিসেবে ভারতীয় বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ৩,০০০ ঘণ্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে ভূয়সী প্রশংসিত ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন তিনি বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ (AOC-in-C)-এর দায়িত্ব সফলভাবে সামলেছেন। অসাধারণ সামরিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে দেশের অন্যতম সর্বোচ্চ সামরিক সম্মান ‘সর্বোত্তম যুদ্ধ সেবা পদক’ (SYSM)-সহ অতি বিশিষ্ট সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়েছে।

সামরিক খাতের কড়া শৃঙ্খলা এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যক্তিত্ব এখন রাম মন্দিরের বিশাল কর্মযজ্ঞের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবেন। মন্দিরের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও ভক্তদের অগাধ আস্থা বজায় রাখতে তাঁর এই যোগদান ঐতিহাসিক ভূমিকা পালন করবে।