চাকরি হারানো থেকে চলছিল ডিভোর্স মামলা, মমতার ভাইঝি কে এই বৃষ্টি মুখোপাধ্যায়?

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে রামপুরহাটের কুশম্বা গ্রামের বাড়ির দোতলার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগে তিনি আত্মহত্যা করেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানোর পাশাপাশি সম্প্রতি বিবাহবিচ্ছেদের মামলা চলায় তিনি মারাত্মক হতাশায় ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দীর্ঘদিনের অবসাদ ও নিয়োগ দুর্নীতি যোগ
পরিবারের সদস্যদের সূত্রে জানা গিয়েছে, গত চার-পাঁচ বছর ধরে মানসিক অসুস্থতার জেরে বৃষ্টির চিকিৎসা চলছে। গত কয়েক মাস ধরে তিনি ১২ বছরের ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই থাকছিলেন। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়ায় এবং আদালতের নির্দেশে বোলপুর হাইস্কুলে তাঁর গ্রুপ ‘সি’ পদের চাকরি বাতিল হয়। যদিও পরিবারের দাবি ছিল যে তিনি কোনও বেতন নেননি, তবুও চাকরি হারানোর ধাক্কা এবং শ্বশুরবাড়ির সঙ্গে টানাপোড়েনের জেরে বিবাহবিচ্ছেদের মামলা শুরু হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয় এবং দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।