পালাবদলের বাংলায় প্রথম দুর্গাপুজো! স্কুল-কলেজে একটানা কতদিনের ছুটি থাকবে? জানুন বিরাট আপডেট

মাস ঘুরলেই ঢাকের পিঠে কাঠি পড়তে চলেছে। আর তার সঙ্গেই বাঙালির মনে শুরু হয়ে গিয়েছে কাঙ্ক্ষিত কাউন্টডাউন। চলতি বছরের মে মাসে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এটাই বর্তমান সরকারের প্রথম দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই নতুন রাজনৈতিক সমীকরণে এবারের শারদোৎসব কেমন হবে এবং স্কুল-কলেজগুলিতে ছুটির মেয়াদ কতদিন থাকবে, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই।

চলতি বছরে ১৬ অক্টোবর (মহাষষ্ঠী) থেকে শুরু হয়ে ২১ অক্টোবর (বিজয়া দশমী) পর্যন্ত উদযাপিত হবে দুর্গাপুজো। ১০ অক্টোবর মহালয়া এবং ১৮ অক্টোবর মহাসপ্তমী। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্কুল-কলেজের ছুটির বিষয়ে সুনির্দিষ্ট ও চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবুও শিক্ষা মহলের একাংশের ধারণা, পূর্বতন নিয়ম মেনেই চতুর্থী বা ষষ্ঠী থেকে ভাইফোঁটা পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখার নির্দেশিকা সামনে আসতে পারে।

পাশাপাশি পুজো অনুদান নিয়েও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগের মতো রাজ্যের সমস্ত পুজো কমিটিকে ঢালাও আর্থিক অনুদান দেওয়া হবে না। শুধুমাত্র যে সমস্ত ক্লাবের সত্যি আর্থিক প্রয়োজন রয়েছে, তাঁদেরই বাছাই করে সহায়তা করা হবে। নবান্ন সূত্রে খবর, ১০ লক্ষ টাকার কম বাজেটের পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিষয়ে প্রাথমিক ভাবনাচিন্তা চলছে, যদিও অর্থ দফতরের সঙ্গে চূড়ান্ত আলোচনার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়বে। ছুটির পূর্ণাঙ্গ নোটিশের জন্য এখন কেবল আনুষ্ঠানিক নির্দেশিকার অপেক্ষাতেই দিন গুনছে রাজ্যবাসী।

Pratik Saha
  • Pratik Saha