মাত্র ১ লক্ষ টাকায় দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার আনল এথার! এক লাখ কিলোমিটার ছুটলেও ব্যাটারির কিচ্ছু হবে না?

ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে ফের এক বড় চমক দিল জনপ্রিয় সংস্থা এথার এনার্জি (Ather Energy)। তাদের চতুর্থ বার্ষিক ‘কমিউনিটি ডে’-তে একসঙ্গে বেশ কয়েকটি বড় ঘোষণা করেছে সংস্থাটি। যার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো তাদের নতুন ইলেকট্রিক স্কুটার ‘Ather Konarc’। মাত্র ১ লক্ষ টাকার প্রারম্ভিক মূল্যে বাজারে আসা এই স্কুটারটি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বাইকপ্রেমীদের মধ্যে। শুধু নতুন স্কুটার লঞ্চ করাই নয়, সেই সঙ্গে একেবারে নতুন ব্যাটারি প্ল্যাটফর্ম, অ্যাপার্টমেন্টের জন্য স্মার্ট চার্জিং সলিউশন এবং পুরনো ইভি-র রিসেল ভ্যালু যাচাই করার বিশেষ টুলও আনল এই সংস্থা।
এথার সূত্রে জানানো হয়েছে, এই সমস্ত নতুন ঘোষণাগুলির মূল লক্ষ্য হলো ভারতের ইভি বাজারে এখনও টিকে থাকা বেশ কিছু বড় সমস্যার সমাধান করা, যার মধ্যে রয়েছে রাইডিং রেঞ্জ, ব্যাটারির স্থায়িত্ব, বাড়ির চার্জিং এবং গাড়ির রিসেল ভ্যালু।
দৈনন্দিন ব্যবহারের জন্য Ather Konarc এথারের এই কমিউনিটি ডে-র মূল আকর্ষণ ছিল Konarc স্কুটারটি। এটি সংস্থার নতুন ‘EL platform’-এর উপর তৈরি প্রথম মডেল। এথারের প্রিভিয়াস পারফরম্যান্স-কেন্দ্রিক ৪৫০ (450) সিরিজের তুলনায় Konarc-কে মূলত সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। স্কুটারটিতে আরাম, রাইডিংয়ের স্থিতিশীলতা এবং সহজ মালিকানার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। Konarc-এ যুক্ত করা হয়েছে একাধিক আধুনিক ফিচার। এর মধ্যে রয়েছে অ্যাডভান্সড ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম (AeBS), ম্যাজিক কি (MagicKey) ফাংশনালিটি, অটো পপ (AutoPop) এবং এয়ারওয়াক (AirWalk) মোড। পাশাপাশি অনবোর্ড ও কম্বাইন্ড চার্জিং সলিউশনের মাধ্যমে এটি দ্রুত চার্জ করা যাবে।
পঞ্চম প্রজন্মের বেডরক ব্যাটারি প্ল্যাটফর্ম নতুন স্কুটার তো বটেই, তার পাশাপাশি এথার তাদের পঞ্চম প্রজন্মের ‘Bedrock’ ব্যাটারি প্ল্যাটফর্মের কথাও প্রকাশ্যে এনেছে। এই নতুন ব্যাটারির অন্যতম বড় আকর্ষণ হলো ‘BreachSense’ প্রযুক্তি। সংস্থার দাবি, বড় কোনো দুর্ঘটনার পর ব্যাটারির ভেতরে তৈরি হওয়া অতিক্ষুদ্র বা মাইক্রোস্কোপিক ক্ষতি এবং আর্দ্রতা প্রবেশের মতো সমস্যা খুব সহজেই শনাক্ত করতে পারবে এই প্রযুক্তি। ফলে বড় কোনো বিপদ ঘটার আগেই চালককে সতর্ক করা সম্ভব হবে।
পাশাপাশি, নতুন এই ব্যাটারিতে উন্নত সেল ব্যালেন্সিং প্রযুক্তি থাকায় এর আয়ুও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এথারের হিসেব অনুযায়ী, নতুন এই ব্যাটারি প্রায় ১ লক্ষ থেকে ১.২ লক্ষ কিলোমিটার চলার পরেও ৭০ শতাংশ পর্যন্ত স্বাস্থ্য ঠিক রাখতে পারবে। শুধু তাই নয়, এই ব্যাটারির সঙ্গে সংস্থা দিচ্ছে ১০ বছর অথবা ১ লক্ষ কিলোমিটার পর্যন্ত দারুণ ওয়ারেন্টি।