প্রতিটা ঘটনায় জাতপাতের গন্ধ খোঁজা হচ্ছে! অঙ্কিত বালিয়ান হত্যা মামলা নিয়ে সরাসরি অখিলেশকে আক্রমণ জয়ন্তর

২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে কথার লড়াই চরমে উঠেছে। অঙ্কিত বালিয়ান হত্যা মামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবার সমাজবাদী পার্টির (এসপি) সুপ্রিমো অখিলেশ যাদবকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-এর সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী। তাঁর অভিযোগ, প্রতিটা ছোট-বড় ঘটনাকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য জাতিগত দৃষ্টিকোণ থেকে দেখার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে।

নাম না করে সরাসরি অখিলেশ যাদব এবং বিরোধীদের নিশানা করে জয়ন্ত বলেন, কিছু নেতা শুধু লাইমলাইট ও সোশ্যাল মিডিয়ার ভিউ পাওয়ার জন্য যেকোনো ভিত্তিহীন কথা বলতে পিছপা হন না। বিরোধীদের ‘এবিসিডি’ ব্যাখ্যা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, আজকের দিনে রাজনৈতিক স্বার্থে যে সমস্ত শব্দ বা প্রতীক ব্যবহার করা হচ্ছে, তার আসল অর্থ ঔদ্ধত্য, দুর্নীতি, চুরি এবং প্রতারণা।

নিজের পারিবারিক ও রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরে জয়ন্ত জানান যে তিনি ‘চৌধুরী সাহেব’-এর কাছ থেকে শ্রদ্ধা, আবেগের কদর এবং ধৈর্যের মতো প্রকৃত মূল্যবোধ শিখেছেন। লখনউয়ের ঐতিহ্য ও সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, উত্তরপ্রদেশের রাজনীতিতে এই ধরনের জাতভিত্তিক বিদ্বেষ ও উত্তেজনা উসকে দিয়ে রাজ্যকে ফের নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। অপরাধের ঘটনায় রাজনৈতিক রং না চড়িয়ে আইনশৃঙ্খলা বজায় রাখার পক্ষে সওয়াল করেছেন তিনি।