আপডেটের পর ফোন রিস্টার্ট না করলে কী হয়? জেনে নিন টেক বিশেষজ্ঞদের আসল সত্যিটা

স্মার্টফোনে কিছুদিন পর পর সফটওয়্যার আপডেট আসা অত্যন্ত সাধারণ একটি বিষয়। এই আপডেটগুলোর মাধ্যমে ফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো নতুন নতুন ফিচার দেওয়ার পাশাপাশি সিকিউরিটি সংক্রান্ত ত্রুটিগুলো ঠিক করে এবং ফোনের সামগ্রিক পারফর্ম্যান্স উন্নত করে। তবে ফোন আপডেট হওয়ার পর প্রায়শই একটি প্রশ্ন ব্যবহারকারীদের মনে জাগে—ফোন কি নতুন করে রিওপেন বা রিস্টার্ট (Restart) করা সত্যিই জরুরি? আসুন জেনে নেওয়া যাক এর আসল সত্য।
প্রতিটি সফ্টওয়্যার আপডেটের পর ফোন ম্যানুয়ালি রিস্টার্ট করা বাধ্যতামূলক নয়। বর্তমান যুগের বেশিরভাগ অ্যান্ড্রয়েড এবং আইফোন ডিভাইস ইনস্টলেশন প্রক্রিয়ার সময়ই প্রয়োজনীয় সমস্ত সিস্টেম প্রসেস নিজে থেকেই সম্পন্ন করে নেয়। অনেক সময় আপডেট ইনস্টল হওয়ার পর ফোন স্বয়ংক্রিয়ভাবেই রিস্টার্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে আলাদা করে আবার ফোন বন্ধ করে চালু করার কোনো প্রয়োজন পড়ে না।
তবে আপডেটের পর ফোন রিস্টার্ট করার সবচেয়ে বড় সুবিধা হলো, এর মাধ্যমে ফোনের পুরো সিস্টেম নতুন সফ্টওয়্যারের সাথে একদম নতুনভাবে লোড হতে পারে। এর ফলে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা পুরনো প্রসেসগুলো বন্ধ হয়ে যায় এবং সমস্ত সিস্টেম কম্পোনেন্ট আবার সঠিকভাবে কাজ শুরু করে।
যেসব সমস্যা দেখা দিলে অবশ্যই রিস্টার্ট করবেন:
ফোন কিছুটা স্লো বা ল্যাগ করলে।
কোনো অ্যাপ বারবার ক্র্যাশ বা বন্ধ হয়ে গেলে।
ওয়াই-ফাই বা ব্লুটুথ সংযোগে সমস্যা দেখা দিলে।
নোটিফিকেশন সময়মতো না পৌঁছালে।
ব্যাটারি ব্যাকআপ বা পারফর্ম্যান্সে হঠাৎ কোনো অস্বাভাবিক পরিবর্তন এলে।
আপনি যদি কেবল ছোট কোনো সিকিউরিটি প্যাচ বা সামান্য আপডেট ইনস্টল করে থাকেন, তবে আলাদা করে রিস্টার্ট করার সাধারণত প্রয়োজন হয় না। তবে অ্যান্ড্রয়েড বা আইওএস-এর বড় কোনো ভার্সন আপডেট ইনস্টল করার পর ফোন নিজে থেকে রিস্টার্ট না হলে, এটি অন্তত একবার রিস্টার্ট করা খুবই কার্যকর।