সলমন-অক্ষয়কে পিছনে ফেলে বড় চমক রণবীরের! দেশের দ্বিতীয় সেরা হিরো হয়ে কার রেকর্ড ভাঙলেন অভিনেতা?

বলিউডের মোস্ট এনার্জেটিক তারকা রণবীর সিংয়ের মুকুটে যুক্ত হলো আরও এক বর্ণোজ্জ্বল নতুন পালক। জনপ্রিয় ম্যাগাজিন ও সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র সাম্প্রতিক ‘মুড অফ দ্য নেশন’ (Mood of the Nation) সমীক্ষায় দেশের দ্বিতীয় সেরা হিরো নির্বাচিত হলেন রণবীর। বিশেষ এই তালিকায় তিনি পেছনে ফেলে দিয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয়, অক্ষয় কুমার এবং ভাইজান সলমন খানের মতো হেভিওয়েট তারকাদেরও।
তালিকায় কে কোথায়?
সমীক্ষার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১৪.৭% ভোট পেয়ে এই তালিকার সর্বকালের সেরার মতো শীর্ষে অবস্থান করছেন মহাতারকা অমিতাভ বচ্চন। আর ঠিক তাঁর পরেই ৯.৫% ভোট পকেটে পুড়ে চমকপ্রদভাবে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছেন রণবীর সিং। অন্যদিকে, ৮.৫% ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন থালাপথি বিজয়। এছাড়া অক্ষয় কুমার (৭.৪%) এবং সলমন খান (৬.৮%)-এর মতো তারকারাও এই শীর্ষ তালিকার প্রথম সারিতেই জায়গা করে নিয়েছেন। দেশজুড়ে দর্শকদের মনে রণবীরের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও ক্রেজ যে কোন পর্যায়ে পৌঁছেছে, এই ফলাফল তারই এক জলজ্যান্ত প্রমাণ।
সাফল্যের নেপথ্যে কী?
রণবীরের কেরিয়ারে একের পর এক হিট ছবি থাকলেও সম্প্রতি ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবি দুটি তাঁর কেরিয়ারের গ্রাফ সম্পূর্ণ বদলে দিয়েছে। এই ছবিগুলির বক্স অফিস সাফল্য তাঁকে ইন্ডাস্ট্রির অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। বক্স অফিসে রাজত্ব করার পর এবার সরাসরি দেশের সাধারণ মানুষের ভোটেও নিজের নাম পাকা করে নিলেন এই অভিনেতা।
ফ্যানদের উন্মাদনা আর কঠোর পরিশ্রম যে বিফলে যায়নি, তা এই সমীক্ষার ফলাফল স্পষ্ট করে দিচ্ছে। বক্স অফিসের পাশাপাশি দর্শকদের মনেও পাকাপাকিভাবে ‘আসল ধুরন্ধর’ তকমা ছিনিয়ে নিলেন রণবীর। খুব শীঘ্রই তাঁকে জয় মেহতা পরিচালিত পোস্ট-অ্যাপোক্যালিপটিক জম্বি সারভাইভাল থ্রিলার ছবি ‘প্রলয়’-এ দেখা যাবে।