মনের কথা মনেই রয়ে গেল! সোহম-প্রিয়াঙ্কার আনকোরা রোম্যান্সে রূপোলি পর্দায় আসছে বড় চমক!

হাতে যোগাযোগের নানা মাধ্যম আর প্রযুক্তির বাড়বাড়ন্ত সত্ত্বেও মনের গভীরে জমে থাকা না-বলা কথাটি প্রিয় মানুষটির সামনে প্রকাশ করা হয়ে ওঠে না। ভালোবাসা, বন্ধুত্ব, স্বপ্ন এবং সম্পর্কের টানাপোড়েনে অনেক সময়ই মানুষ নিজের অনুভূতিগুলোকে পিছনে ফেলে দেয়। এই না-বলা অনুভূতি, অসম্পূর্ণ সম্পর্ক এবং হারিয়ে যাওয়া সময়ের আবেগঘন গল্প নিয়ে রূপোলি পর্দায় আসছে রন রাজ পরিচালিত নতুন বাংলা ছবি ‘সে তো আজও বোঝে না’। ইতিমধ্যেই ছবিটির আকর্ষক ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে, যা দর্শকদের মধ্যে এক দারুণ কৌতূহল তৈরি করেছে। আগামী ২ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।
ছবিটির মূল ভাবনা ও পরিচালনায় রয়েছেন রন রাজ। এতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় তারকা সোহম চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, দেবাশীষ মন্ডল এবং বিবৃতি চট্টোপাধ্যায়কে। ছবির সঙ্গীতের দিকটিও অত্যন্ত আকর্ষণীয় করা হয়েছে, যার মিউজিক পরিচালনার মূল দায়িত্বে রয়েছেন প্রখ্যাত সুরকার জিৎ গাঙ্গুলী। ফলে গল্পের গভীর আবেগের পাশাপাশি ছবির গানগুলিও দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশিত ফার্স্ট লুকেই ছবির না-বলা আবেগের এক সুন্দর ইঙ্গিত মিলেছে। সেখানে একটি লাল গোলাপ কখনও আড়ালে রাখা, আবার কখনও দু’হাতে শক্ত করে আগলে রাখার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মুখের অভিব্যক্তিতে ভালোবাসার পাশাপাশি অভিমান, দীর্ঘ অপেক্ষা এবং চেপে রাখা কষ্টের ছাপ স্পষ্ট। গল্পের কেন্দ্রে রয়েছে মৈনাক নামের এক সাধারণ যুবক। তার জীবনের সবচেয়ে কাছের মানুষ দু’জন হলো মেঘলা ও জাহির। বন্ধুত্বের সম্পর্ক থেকে কবে যে মেঘলার প্রতি মৈনাকের মনে গভীর ভালোলাগা তৈরি হয়, সে নিজেও টের পায় না। কিন্তু সেই কথা প্রকাশ করার সাহস সে দেখাতে পারে না।
সময় নিজের নিয়মে বদলে যায়, তৈরি হয় দূরত্ব। জীবনের যন্ত্রণা ও অপূর্ণতাকে শক্তিতে পরিণত করে মৈনাক সাফল্যের শিখরে পৌঁছলেও তার মনে থেকে যায় একটি অসম্পূর্ণ সম্পর্ক ও না-বলা কিছু কথা। বহু বছর পর জীবন আবার তাদের মুখোমুখি দাঁড় করায়। ‘সে তো আজও বোঝে না’ শুধুই প্রেমের গল্প নয়, বরং বন্ধুত্ব, প্রতিশ্রুতির দায় এবং সময় থাকতে মনের কথা বলে ফেলার তাগিদের এক নিখুঁত দলিল। পান্ডে মোশন পিকচার্স ও ল্যানর্টান ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবি আগামী ২ অক্টোবর ২০২৬ মুক্তি পাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।