১০ বছর পর পর্দায় ফিরছে কালজয়ী থ্রিলার! পুজো আসতেই বড় ঘোষণা পরিচালক প্রতিম ডি গুপ্তর!

সালটা ২০১৬, মুক্তি পেয়েছিল সাড়া জাগানো বাংলা ছবি ‘সাহেব বিবি গোলাম’। নবাগত পরিচালক প্রতিম ডি গুপ্তর সেই ছবি জনমানসে দারুণ সাড়া ফেলেছিল। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। ‘মাছের ঝোল’, ‘চালচিত্র’, ‘টুথপরী’ কিংবা ‘রান্নাবাটি’-র মতো ভিন্ন স্বাদের সিনেমা ও সিরিজ উপহার দিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তবে কেরিয়ারের শুরুর দিকের সেই আইকনিক কাজ আজও বিশেষ হয়ে রয়েছে। আর ঠিক ১০ বছর পর, দর্শকদের পুজোর আগেই দারুণ উপহার দিলেন পরিচালক। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন বহুল প্রতীক্ষিত ‘সাহেব বিবি গোলাম ২’-এর!

বুধবার, ২৬ আগস্ট পরিচালক প্রতিম ডি গুপ্ত একটি নতুন পোস্টার শেয়ার করেন, যা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে গেছে। পোস্টারে দেখা মিলছে তিনটি রহস্যময় চরিত্রের—একজন মহিলা পুলিশ অফিসার, হাতে বন্দুকধারী এক ব্যক্তি এবং এক ডেলিভারি বয়। আগের বারের মতো এবারও গল্পে রয়েছে তিনটি প্রধান চরিত্র। পোস্টারের ক্যাপশনে লেখা রয়েছে, ‘একটি বুলেট, এই তিনটি জীবন এবং কোনো দ্বিতীয় টেক নেই।’ এই পোস্টার পোস্ট করেই প্রতিম ডি গুপ্ত ঘোষণা করেন যে আসছে ‘সাহেব বিবি গোলাম ২’। গল্প তাঁর নিজের লেখা এবং পরিচালনাও তাঁরই। তবে ছবিটি কবে বড়পর্দায় মুক্তি পাবে কিংবা আগের মতো স্বস্তিকা মুখার্জি, ঋত্বিক চক্রবর্তী বা বিক্রম চ্যাটার্জিরাই ফিরছেন কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্মৃতিচারণা করে পরিচালক এদিন লেখেন, ‘আজ থেকে ঠিক ১০ বছর আগে, ২০১৬ সালের ২৬ আগস্ট মুক্তি পেয়েছিল ‘সাহেব বিবি গোলাম’। আমি যখন এই ছবির কাজ শুরু করি, তখনও আমি একজন পেশাদার সাংবাদিক ছিলাম। কিন্তু ছবিটি শেষ হওয়ার পর আমি সাংবাদিকতার চাকরি ছেড়ে পুরোপুরি সিনেমা নির্মাণে মন দিই। ওই ছবি যে ভালোবাসা, পুরস্কার ও সম্মান পেয়েছিল, তা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল যে আমি বড়পর্দায় ভালো গল্প বলতে পারি।’

তিনি আরও যোগ করেন, ‘১০ বছর পর, আবারও সময় এসেছে ‘সাহেব বিবি গোলাম ২’-এর হাত ধরে সেই ওয়াইল্ড ও এক্সাইটিং দুনিয়ায় ফিরে যাওয়ার, যেখানে একাধিক মানুষের জীবন এসে একে অপরের সঙ্গে মিলিত হয়। আরও একবার একটি গুলি ছোঁড়া হবে, আবারও তিনটি জীবন আমূল বদলে যাবে। কিছু গল্প শেষ হয়, আবার কিছু গল্প আপনার পিছু ছাড়ে না। আসছে নতুন অধ্যায়।’

ফিরদৌসল হাসান এবং প্রবাল হালদারের যৌথ প্রযোজনায়, ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ প্রোডাকশন হাউসের ব্যানারে আসছে এই সিক্যুয়েল। প্রসঙ্গত, প্রথম পর্বে স্বস্তিকা মুখার্জি, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি, পার্নো মিত্র এবং অঞ্জন দত্তের মতো তারকারা অভিনয় করেছিলেন। এখন দেখার সিক্যুয়েলের এই নতুন অধ্যায়ে কোন কোন তারকাকে মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যায়।