“৩০০০-এর বেশি চ্যাট, গোপন স্পাইওয়্যার!”-পাক সুন্দরীর ফাঁদে পড়লেন বায়ুসেনা অফিসার

সোশ্যাল মিডিয়ায় এক নারীর সঙ্গে সামান্য পরিচয় আর তারপর ব্যক্তিগত ঘনিষ্ঠতার সুযোগ। এই সাধারণ ফাঁদেই দেশের নিরাপত্তা কীভাবে বিপন্ন হতে পারে, তার এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে দিল্লি পুলিশের চার্জশিটে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক সন্দেহভাজন এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে দেশের অত্যন্ত সংবেদনশীল সামরিক তথ্য পাচার করার গুরুতর অভিযোগ উঠেছে ভারতীয় বায়ুসেনার এক উইং কম্যান্ডারের বিরুদ্ধে। শুধু তাই নয়, তদন্তে যা সামনে এসেছে, তা শুনলে যে কারও পিলে চমকে যাবে।

দিল্লি পুলিশের পেশ করা চার্জশিট অনুযায়ী, গত বছরের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিলের মধ্যে ওই অফিসারের সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক তরুণীর। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর ধীরে ধীরে তাঁদের মধ্যে কথাবার্তা এবং ভিডিও কল শুরু হয়। তদন্তকারীদের দাবি, ওই মহিলা আসলে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন। ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে তিনি খুব চতুরতার সঙ্গে বায়ুসেনার গোপন তথ্য হাতানোর পরিকল্পনা করেন।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি হলো আদানপ্রদানের মাধ্যম নিয়ে। তদন্তে জানা গিয়েছে, ওই পাকিস্তানি মহিলা যখনই নিজের কিছু নগ্ন ছবি পাঠাতেন, তার ঠিক বদলা হিসেবে বায়ুসেনার একটি অত্যন্ত গোপন যুদ্ধ পরিকল্পনার নথি তাঁকে পাঠিয়ে দিতেন অভিযুক্ত অফিসার। শুধু তাই নয়, আরও ছবি পাঠালে ওয়ার প্ল্যানিংয়ের আরও পাতা উপহার দেওয়ার প্রস্তাবও নাকি দিয়েছিলেন তিনি।

ঠিক কী কী তথ্য পাচার করা হয়েছিল? তদন্তকারীরা জানাচ্ছেন, তালিকায় রয়েছে একটি বিশেষ ড্রোন ইউনিটের সদস্যসংখ্যা, তাদের সাংগঠনিক কাঠামো, কার্যক্ষমতা এবং ড্রোনের পরীক্ষামূলক উড়ানের মতো অত্যন্ত গোপনীয় তথ্য। এর পাশাপাশি সেনার ভাণ্ডারে থাকা বিশেষ অস্ত্রের কার্যক্ষমতা, লেহ-তে যুদ্ধবিমান মোতায়েন এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জের সামরিক মহড়ার বিস্তারিত বিবরণও নাকি পাক এজেন্টের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এখানেই শেষ নয়, এজেন্টের নির্দেশেই নিজের অধীনে কর্মরত পাঁচ সেনাকর্মীর ডিভাইসেও গোপনে স্পাইওয়্যার ইনস্টল করেছিলেন ওই আধিকারিক, যাতে তাঁদের ফোনের সমস্ত তথ্য হাতানো যায়।

দিল্লির একটি অফিসে কর্মরত অবস্থায় স্মার্টফোন নিয়ে যাওয়ার বিধিমালার কারণে তল্লাশি চালানোর সময়ই এই চাঞ্চল্যকর তথ্য প্রথম নজরে আসে তদন্তকারীদের। চার্জশিট বলছে, অভিযুক্ত অফিসার ও ওই পাক এজেন্টের মধ্যে মোট ৩,০০৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছটি ইউআরএল আদানপ্রদান হয়েছিল।

গত ৩০ মে ওই উইং কম্যান্ডারকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে ১৯২৩ সালের সরকারি গোপনীয়তা আইন বা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গত ৩০ জুলাই আদালতে চার্জশিটও জমা দিয়েছে পুলিশ। বায়ুসেনা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই গোটা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে পুলিশ চার্জশিটে যে সমস্ত গুরুতর অভিযোগ তুলেছে, তা এখনও আদালতে আইনগতভাবে প্রমাণিত হয়নি।