যুদ্ধের মাঝেই ভারতের ওপর আমেরিকার ক্ষোভ প্রকাশ! কোটি কোটি টাকার লেনদেনের জেরে নজরে পড়ল এই সংস্থাগুলি!

ইরানের সঙ্গে চলমান তীব্র ভূ-রাজনৈতিক সংঘাতের মাঝেই এবার একাধিক ভারতীয় সংস্থা এবং ব্যবসায়ীর উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে ভারতের চারটি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে তিন জন ভারতীয় নাগরিক তথা ব্যবসায়ীর উপরও খাড়া নামিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ ‘অপারেশন ইকনমিক আউটকাস্ট’ প্রকল্পের আওতায় এই কঠোর পদক্ষেপ করা হয়েছে, যার মূল উদ্দেশ্য তেহরানের আয়ের সমস্ত উৎস চিরতরে বন্ধ করে দেওয়া।

মার্কিন বিদেশ বিভাগের প্রকাশিত সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী, নিষিদ্ধ হওয়া ভারতীয় সংস্থাগুলির তালিকায় রয়েছে— Portease Partners LLP, Sadashiva Overseas Ltd, PP Softtech Pvt Ltd এবং Prakrutees Infra Impex India Pvt Ltd। এর পাশাপাশি ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার জালে পড়েছেন তিন ভারতীয় নাগরিক— হরীশ রামচন্দ্র রঙ্গি, ইদ্রিশমিয়াঁ আশরফমিয়াঁ শেখ এবং প্রশান্ত গর্গ। জানা গিয়েছে, হরীশ ও ইদ্রিশমিয়াঁ দুজনেই ‘Portease Partners’ সংস্থার পার্টনার। মার্কিন প্রশাসনের দাবি, এই কাস্টমস ব্রোকার সংস্থাটি ইরান থেকে ভারতে পেট্রোকেমিক্যাল পণ্য আমদানির ক্ষেত্রে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল।

অন্যদিকে, ‘Sadashiva Overseas’ সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে আমেরিকার দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ উপেক্ষা করে ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা প্রায় ৬৯ মিলিয়ন ডলার মূল্যের পেট্রোপণ্য ক্রয় করেছে। পাশাপাশি, ‘PP Softtech’ এবং ‘Prakrutees Infra’ নামক বাকি দুটি সংস্থাও ইরান থেকে প্রায় ২৫ মিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে বলে মার্কিন বিদেশ বিভাগ সূত্রে জানানো হয়েছে। ওয়াশিংটনের সাফ কথা, সমস্ত নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে জেনেশুনেই এই ব্যবসায়ী ও সংস্থাগুলি ইরানের সঙ্গে পেট্রোকেমিক্যাল পণ্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও বাজারজাতকরণের মতো উল্লেখযোগ্য লেনদেনে যুক্ত ছিল।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকেই ইরানের সঙ্গে আমেরিকার সামরিক ও কৌশলগত সংঘাত চলছে। বর্তমানে যুদ্ধবিরতি বজায় থাকলেও দুই দেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা এবং বিরোধ কাটেনি। উল্টে সমঝোতা চুক্তি নিয়ে তেহরান ও ওয়াশিংটন উভয়েই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। আমেরিকার চোখরাঙানিকে পাত্তয়া দিতে নারাজ ইরান। এই পরিস্থিতিতে যারা এখনও তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে, তাদের ওপর ধারাবাহিক চাপ ও শাস্তিমূলক ব্যবস্থা বাড়াচ্ছে হোয়াইট হাউস। সেই নীতির অংশ হিসেবেই এবার কোণঠাসা করা হলো ভারতীয় সংস্থাগুলিকে। তবে একদিকে যেমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তেমনই অন্যদিকে মধ্যপ্রাচ্যে কূটনীতির মাধ্যমে সমঝোতার পথ খুঁজতে প্রতিনিধি দল পাঠানোর প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে বাইডেন-ট্রাম্প প্রশাসন।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty