স্কুল-কলেজে এবার এনসিসি বাধ্যতামূলক! ৪টি গুরুত্বপূর্ণ দফতরে অগ্নিবীরদের জন্য বড় সংরক্ষণের ঘোষণা

রাজ্যের তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও কর্মমুখী করে তুলতে বড়সড় একগুচ্ছ নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য সরকার। রবিবার গার্ডেনরিচে এক কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজে নতুন করে ন্যাশনাল ক্যাডেট কোর (NCC) প্রশিক্ষণ চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা ও আপৎকালীন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি গুরুত্বপূর্ণ দফতরে অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণ রাখার ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে।
রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশ, দমকল, বনবিভাগ এবং সিভিল ডিফেন্স—এই চার দফতরে চাকরি বা নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন অগ্নিবীররা। সাম্প্রতিক তারাতলার দুর্ঘটনার পর বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে ঢেলে সাজাতে ২০০ জনের একটি বিশেষ স্ট্রাইক ফোর্স ‘অর্জুনবাহিনী’ গঠনের কাজও শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকেই এই বাহিনী মাঠে নামবে, যেখানে প্রাথমিক পর্যায়ে সেনার প্রাক্তনীদের নেওয়া হলেও পরবর্তীতে অগ্নিবীরদেরই অগ্রাধিকার দেওয়া হবে। কলকাতার পাশাপাশি পাহাড়ি অঞ্চল দার্জিলিং এবং উপকূলবর্তী সাগরে এই বিশেষ বাহিনী মোতায়েন থাকবে। শিক্ষাক্ষেত্রে এনসিসি চালুর পাশাপাশি কর্মসংস্থানের এই বড় ঘোষণায় রাজ্যজুড়ে ইতিবাচক সাড়া পড়েছে।