আগামীকালই আসছে নিট পিজি ২০৬-এর অ্যাডমিট কার্ড! কীভাবে ডাউনলোড করবেন? জেনে নিন একনজরে

আগামী ৩০ আগস্ট দেশজুড়ে অনুষ্ঠিত হতে চলা নিট পিজি (NEET PG 2026) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস (NBEMS)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ ২৪ আগস্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। দেশের বিভিন্ন মেডিকেল কলেজে এমডি, এমএস এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট natboard.edu.in-এ গিয়ে তাঁদের লগইন তথ্য ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবছর পরীক্ষাটি একটিমাত্র শিফটে অনুষ্ঠিত হবে, ফলে পরীক্ষার্থীদের রিপোর্টিং সময়ের দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। গত ১১ আগস্ট পরীক্ষার্থীদের জন্য সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করা হয়েছিল, যা কেবল পরীক্ষার শহরের নাম জানায়। অন্যদিকে, মূল অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের সম্পূর্ণ ঠিকানা, সময় এবং অন্যান্য জরুরি নির্দেশিকা দেওয়া থাকবে। হল টিকিট হাতে পাওয়ার পর নাম, রোল নম্বর, ছবি ও অন্যান্য তথ্য ঠিক আছে কি না, তা ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।