দিল্লিতে হু হু করে বাড়ছে সোয়াইন ফ্লু! ভাইরাসের নতুন স্ট্রেন নাকি অন্য কিছু? মুখ খুললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন বিজ্ঞানী

দিল্লি ও এনসিআর (NCR) অঞ্চলে সম্প্রতি এইচওয়ানএনওয়ান (H1N1) বা সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রাক্তন প্রধান বিজ্ঞানী তথা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল ডঃ সৌম্য স্বামীনাথন।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডঃ স্বামীনাথন পরিষ্কার করেছেন যে, রাজধানীতে সোয়াইন ফ্লু ছড়ানোর পিছনে ভাইরাসের নতুন কোনও রূপ বা মিউটেশন দায়ী নয়। মূলত মরসুমি সংক্রমণ বৃদ্ধি এবং আগের তুলনায় মানুষের সচেতনতা বেড়ে যাওয়ায় বেশি সংখ্যায় পরীক্ষা হওয়ার কারণেই পজিটিভ কেসের সংখ্যা বেশি বলে মনে হচ্ছে। পরিস্থিতি আসলে কতটা গুরুতর, তা অনুধাবন করতে বিগত বছরগুলির পরীক্ষার হার এবং পজিটিভিটির হারের তুলনামূলক পর্যালোচনার ওপর জোর দিয়েছেন তিনি।

আইসিএমআর-এর ভাইরাল ডায়াগনস্টিক সার্ভেল্যান্স ল্যাবরেটরির তথ্য উল্লেখ করে তিনি জানান, বর্তমানে যে স্ট্রেনটি ছড়াচ্ছে, সেটি সম্পূর্ণ পরিচিত এবং গত বছরও এটি সক্রিয় ছিল। ভাইরাসটি নিজে থেকে এমন কোনও রূপ পরিবর্তন বা মিউটেশন ঘটায়নি, যা এটিকে আরও ভয়াবহ বা অতিরিক্ত সংক্রামক করে তুলেছে। চিকিৎসকদের একাংশের মতে, এ বছর মরসুমের স্বাভাবিক সময়ের কিছুটা আগেই সোয়াইন ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে, তবে অযথা আতঙ্ক না ছড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা।