সোমবার থেকেই ভাসবে একাধিক জেলা! নতুন নিম্নচাপের জেরে কোথায় কেমন আবহাওয়া থাকবে?

রবিবার সকাল থেকেই তিলোত্তমা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আকাশ মেঘলা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করা একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। চলতি আগস্ট মাসে এটি তৃতীয় নিম্নচাপ, যার জেরে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা
আজ রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মূলত ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সোমবার পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে সোমবারের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন কোনো বড় সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের পূর্বাভাস
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলেও বৃষ্টির দাপট বাড়ার আশঙ্কা রয়েছে। সোমবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পঙেও সোমবার ও মঙ্গলবার ভারী বর্ষণ হতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই।
মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা
নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা সংলগ্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল রয়েছে। ওই অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
এদিকে আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়তে পারে।