উৎসবের আগেই বড় বিপর্যয়! ২২ ফুটের বিশালাকার গণেশ মূর্তি ভেঙে মর্মান্তিক মৃত্যু ভক্তের

আনন্দ ও উন্মাদনার উৎসবে হঠাৎই নেমে এল গভীর শোকের ছায়া। উৎসবের আবহে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বিশাল আকৃতির গণেশ মূর্তি। দেবমূর্তির সেই ভারী কাঠামোর নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে একাধিক দর্শনার্থীর। আকস্মিক এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পূণ্যার্থী। সামনেই গণেশ চতুর্থী, আর তার প্রাক্কালে এমন মারাত্মক ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হৃদয়বিদারক এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ‘ভুলেশ্বর চা রাজা’ উৎসব উপলক্ষে দক্ষিণ মুম্বইয়ের ভুলেশ্বর এলাকায় গত শনিবার রাতে এই ঘটনা ঘটে। প্যান্ডেলে স্থাপিত প্রায় ২২ ফুটের বিশালাকার গণেশ মূর্তিটি হঠাৎই ভারসাম্য হারিয়ে দর্শকদের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভারী মূর্তির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই দু’জন দর্শনার্থীর করুণ মৃত্যু হয়। এছাড়া এই দুর্ঘটনায় আহত হন আরও পাঁচজন সাধারণ মানুষ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত শনিবার রাত দশটা নাগাদ মুম্বইয়ের ভুলেশ্বরের বলরাম মার্চেন্ট রোডে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান, ওই গণেশ মূর্তিটি তৈরি বা স্থাপনের সময় কাঠামোগত কিছু ত্রুটি ছিল। মূর্তির বেশ কিছু নাট এবং বল্টু ঢিলে হয়ে গিয়েছিল, যার ফলে অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে হঠাৎই মূর্তিটি ভেঙে পড়ে।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ তৎপর হয় স্থানীয় প্রশাসন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই পুলিশ, ট্রাফিক পুলিশ, সিভিক পুলিশ এবং মুম্বই ফায়ার ব্রিগেডের উদ্ধারকারী দল। মোতায়েন করা হয় একাধিক অ্যাম্বুল্যান্স। মূর্তির নীচে চাপা পড়া আহত দর্শনার্থীদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের পরিচয় জানা গিয়েছে; তাঁরা হলেন ৩৩ বছরের সঙ্কেত এবং ৩০ বছরের ব্রজেশ।

পুলিশ আরও জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচ ও সাত বছরের দুই শিশুও রয়েছে। বর্তমানে তারা জেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হাসপাতাল সূত্রে অবশ্য স্বস্তির খবর মিলেছে, আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তাঁদের ওপর চিকিৎসকদের বিশেষ নজরদারি রাখা হয়েছে।

উল্লেখ্য, সামনেই উদযাপিত হতে চলেছে গণেশ চতুর্থী। ইতিমধ্যেই উৎসবের আমেজে পুরোপুরি মেতে উঠেছে গোটা মহারাষ্ট্র রাজ্য। প্রতি বছর মুম্বইয়ে এই উৎসব অত্যন্ত সাড়ম্বরে ও মহা সমারোহে পালিত হয়। সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে অংশ নেন। কিন্তু উৎসবের ঠিক আগে এই ভয়াবহ দুর্ঘটনা মুম্বইবাসীর মনে বড় ধাক্কা দিয়েছে এবং প্যান্ডেল ও উৎসব কমিটিগুলির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।