মোদীর জন্মদিনে রাজ্যে ‘অন্নপূর্ণা দিবস’ ঘোষণা, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়াকে কেন্দ্র করে যখন মহিলাদের বিক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধছে, ঠিক তখনই একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্যের সমস্ত জেলায় মহাসমারোহে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, বিরোধীদের সমস্ত সমালোচনা ও আন্দোলনকে উড়িয়ে দিয়ে প্রকৃত উপভোক্তাদের পাশে থাকার জোরালো বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’
শনিবার ভবানীপুরে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবসেই রাজ্যের সমস্ত জেলায় অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের নিয়ে এই বিশেষ দিনটি পালন করা হবে। এই উপলক্ষে কলকাতায় এক লক্ষ অন্নপূর্ণা উপভোক্তাকে নিয়ে একটি বড় সভা করার পরিকল্পনাও রয়েছে। তাঁর মতে, এর মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা আরও সুচারুভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
আরও লক্ষাধিক মহিলাকে সুবিধার আওতায় আনার ঘোষণা
সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে যে বিক্ষোভ ও পথরধের ঘটনা ঘটেছে, সে প্রসঙ্গেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের তীব্র আক্রমণ করে তিনি স্পষ্ট ভাষায় জানান, ধমক-চমক দিয়ে বা সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে আন্দোলন করে সরকারের এই জনমুখী প্রকল্প বন্ধ করা যাবে না।
চলতি মাসে রাজ্যের প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে এই প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এছাড়া যাঁরা এখনও পর্যন্ত এই ভাতার আওতায় আসেননি, কিন্তু যোগ্য উপভোক্তা, এমন আরও ২৫ থেকে ৩০ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার তালিকাভুক্ত করার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে আর্থিকভাবে দুর্বল এবং প্রকৃত প্রাপকদেরই সবসময় অগ্রাধিকার দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।