ফিরছেন ভণ্ড ‘বাবা নিরালা’! ‘আশ্রম ৪’-এর শুটিং শুরু হতেই ওটিটিতে কাঁপন ধরাতে আসছে ববি দেওল

ওটিটি প্ল্যাটফর্মের দুনিয়ায় আবারও ঝড় তুলতে ফিরছে অন্যতম জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘আশ্রম’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো এই সিরিজের চতুর্থ সিজনের কাজ। সোশ্যাল মিডিয়ায় খোদ প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই খবর প্রকাশ্যে আসতেই ওয়েব সিরিজপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে।

প্রকাশ ঝা প্রোডাকশনের শেয়ার করা একটি ছবি ঘিরে এই মুহূর্তে নেটদুনিয়ায় শোরগোল শুরু হয়েছে। ওই ছবিতে একটি ক্ল্যাপস্টিক দেখা যাচ্ছে, যাতে লেখা রয়েছে ‘এক বদনাম আশ্রম’। ক্যাপশনে জানানো হয়েছে, “নতুন এক যাত্রা। আশ্রমের নতুন অধ্যায়ে আপনাদের স্বাগত।” ২০২০ সালে এই সিরিজের প্রথম সিজন মুক্তি পাওয়ার পর থেকেই ‘বাবা নিরালা’ ও তার আশ্রমের আড়ালে চলা অপরাধের অন্ধকার জগত দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করে।

ববি দেওলের অসামান্য অভিনয় দক্ষতা এই সিরিজকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। চতুর্থ সিজনেও তাঁর খলনায়কের সেই চেনা রূপ দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। ববি দেওল ছাড়াও এই সিরিজে আগের মতোই অদিতি পোঁহনকর, চন্দন রায় সান্যাল, তুষার পাণ্ডে, দর্শন কুমার, অনুপিয়া গোয়েঙ্কা এবং ত্রিধা চৌধুরীর মতো জনপ্রিয় তারকাদের দেখা যাবে। শুটিং শুরু হয়ে যাওয়ায় খুব শীঘ্রই ‘বাবা নিরালা’ যে ফের ওটিটি কাঁপাতে আসছে, তা বলাই বাহুল্য।