হাফিজ সইদের দোরগোড়ায় এবার এনআইএ-র সমন! পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডকে ধরতে কি নতুন চাল ভারতের?

পহেলগাঁও হামলার কুখ্যাত মাস্টারমাইন্ড ও লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের বিরুদ্ধে আইনি শিকল আরও শক্ত করতে চলেছে ভারত। এই ভয়াবহ জঙ্গি হামলার বিচার প্রক্রিয়ার মুখোমুখি দাঁড় করানোর জন্য পাকিস্তান-ভিত্তিক এই জঙ্গিকে সমন পাঠাতে চলেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। বিদেশ মন্ত্রকের মাধ্যমে পাঠানো এই সমনের মাধ্যমে তাকে জম্মুর বিশেষ এনআইএ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশে ইতিমধ্যেই তার বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে।
তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, পহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে হাফিজ সইদের বিরুদ্ধে জোরালো প্রমাণ রয়েছে। গত জুলাই মাসে এনআইএ যে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছিল, সেখানেই তাকে ব্যক্তিগতভাবে এবং লস্কর ও তার প্রক্সি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর প্রধান হিসেবে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩’ এবং ইউএপিএ (UAPA) আইনের একাধিক ধারায় ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও পাকিস্তান থেকে হামলার ষড়যন্ত্র করার গুরুতর অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা প্রাণ হারিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এনআইএ এই মামলার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ তদন্ত চালিয়ে ১,৫৯৭ পৃষ্ঠার মূল চার্জশিট জমা দেয়। যেখানে সাজিদ জাটসহ একাধিক জঙ্গির নাম উঠে এসেছিল।
বিশেষজ্ঞদের মতে, এই আইনি লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হাফিজ সইদ আদালতের সমন উপেক্ষা করে হাজির হতে ব্যর্থ হলে, ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩’-এর ৩৫৬ নম্বর ধারা অনুযায়ী তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পথ প্রশস্ত হবে। অর্থাৎ, পাকিস্তান থেকে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হোক বা না হোক, পলাতক ঘোষিত এই অপরাধীর বিরুদ্ধে বিচার ও রায় ঘোষণা করা এখন সময়ের অপেক্ষা মাত্র।