খুচরো তেল বিক্রি করলেই ১০ লক্ষ টাকা জরিমানা ও সোজা জেল! কোন রাজ্যে এল এই চরম কড়া নিয়ম?

খাবার তেলের ভেজাল রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এবার চরম কড়া পদক্ষেপ নিল প্রশাসন। প্যাকেটজাত তেলের পরিবর্তে খোলা বা খুচরো রান্নার তেল বিক্রি করলেই নেমে আসবে বড় বিপদের খাড়া। এই নিয়ম অমান্য করলে অপরাধীকে গুণতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা, এমনকি হতে পারে জেলের সাজাও।
মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA সূত্রে জানা গেছে, রাজ্যের ‘সেফ ফুড, সেভ মহারাষ্ট্র’ অভিযানের অংশ হিসেবেই এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের স্পষ্ট বার্তা, খুচরো ও খোলা তেল বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপস করা চলবে না। বিশেষ করে সরষের তেলে ভেজাল রোধে এবার সবচেয়ে বেশি নজরদারি চালানো হচ্ছে।
নতুন এই নিয়ম অনুযায়ী, কেউ যদি প্যাকেট ছাড়া খোলা খাবার তেল বিক্রি করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে। শুধু তাই নয়, এর পাশাপাশি দোষী ব্যক্তির তিন বছর পর্যন্ত কারাবাসের সাজাও হতে পারে। সম্প্রতি একাধিক নামী স্টোর এবং গুদামে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়ম ধরার পরেই প্রশাসনের এই সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।