নেতাজি যেখানে বন্দি ছিলেন! ১০০ কোটির মেগা প্রকল্পে নতুুন রূপে সেজে উঠছে ঐতিহাসিক বক্সা দুর্গ

ব্রিটিশ আমলের ইতিহাসের সাক্ষী আলিপুরদুয়ারের বক্সা দুর্গ এ বার পেতে চলেছে এক নতুন পরিচিতি। দেশের স্বাধীনতা সংগ্রামীদের, বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্ব ও আত্মত্যাগের স্মৃতিকে অমর করে রাখতে সেখানে একটি বিশাল সংগ্রহশালা তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা খরচে সিলমোহর দিয়েছে নবান্ন।
বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি পেশ করেন মন্ত্রী বিশাল লামা। প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই তাতে সম্মতি দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের অন্দরমহল সূত্রে খবর, বক্সা দুর্গের যে সেলে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দি ছিলেন, সেই অংশটিকে কেন্দ্র করেই বিশেষ গ্যালারি তৈরি করা হবে।
কেন এই উদ্যোগ?
ব্রিটিশ আমলে বক্সা দুর্গ ছিল বিপ্লবীদের এক ভয়াবহ বন্দিশালা। স্বাধীনতা সংগ্রামের বহু বীর এখানে বন্দি জীবন কাটিয়েছেন। সাম্প্রতিক সময়ে স্বাধীনতা সংগ্রামীদের অবমাননা সংক্রান্ত বেশ কিছু ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। সেই আবহে বাঙালির আবেগ ও মননের ক্ষত নিরাময়ে এই সংগ্রহশালা তৈরির উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ইতিহাস ও পর্যটনের নতুন মেলবন্ধন
বক্সা টাইগার রিজার্ভের গভীরে অবস্থিত এই দুর্গ এমনিতেই পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। নতুন এই প্রকল্পের ফলে একদিকে যেমন ভারতের স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে জীবন্ত হয়ে উঠবে, তেমনই উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে আলিপুরদুয়ারের গুরুত্ব আরও কয়েকগুণ বেড়ে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের এক আধিকারিকের কথায়, এটি শুধু একটি সংগ্রহশালা নয়, বরং স্বাধীনতা সংগ্রামের সেই অগ্নিযুগের সাক্ষী হিসেবে বক্সা দুর্গ নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে।
ইতিহাসপ্রেমী মানুষ থেকে স্থানীয় বাসিন্দা, সকলেরই আশা— এই প্রকল্পের বাস্তবায়নের ফলে বক্সা পাহাড়ের কোলে গড়ে উঠবে এক অনন্য ঐতিহাসিক নিদর্শন, যা পর্যটকদের পাশাপাশি ইতিহাসবিদের কাছেও হয়ে উঠবে আকর্ষণের কেন্দ্রবিন্দু।