চিনি ও নুন বেশি থাকা প্রক্রিয়াজাত খাবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! মোদী সরকারকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের

প্রসেসড ফুড বা প্যাকেটজাত খাবারের ক্ষতিকর দিক সম্পর্কে ক্রেতাদের সতর্ক করতে গায়ে লাল রঙের সংকেত বা ‘ফ্রন্ট-অফ-প্যাক ওয়ার্নিং লেবেল’ বসানোর আগের নির্দেশ কার্যকর না করায় কেন্দ্র সরকার ও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়াকে (FSSAI) তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছে যে, কর্পোরেট বা শিল্পপতিদের চাপে পড়ে সাধারণ মানুষ, বিশেষ করে ক্রমবর্ধমান শিশুদের স্বাস্থ্যের বিষয়টি এড়িয়ে যাচ্ছে সরকার।
আদালতের পূর্ববর্তী নির্দেশ কেন এতদিনেও মানা হলো না, তার সন্তোষজনক ব্যাখ্যা চেয়ে কেন্দ্রকে মাত্র দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। শুনানিপর্বে সরকারি পক্ষের আইনজীবী যুক্তি দেন যে, এই ধরনের ইন্টারপ্রেটিভ লেবেল সিস্টেম বা সতর্কতা চালু করলে দেশের সমস্ত ঐতিহ্যবাহী খাবার ও নমকিনকে অস্বাস্থ্যকর বলে দাগিয়ে দিতে হবে, যার ফলস্বরূপ দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এমএসএমই (MSME) মার খেতে পারে। তবে সরকারের এই যুক্তি সরাসরি খারিজ করে দিয়ে আদালত সাফ জানিয়ে দিয়েছে যে, আদালতের নির্দেশ মতো কাজ করতেই হবে।
আদালতের বেঞ্চ তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছে, শুধুমাত্র প্রস্তুতকারক ও ব্যবসায়ীদের বাণিজ্যিক লাভের কথা মাথায় রেখে সরকার কেন বারবার পিছু হটছে? বিচারপতির স্পষ্ট বার্তা, গোটা বিশ্বকে এটা পরিষ্কার করে দিতে হবে যে ভারত তার দেশের নাগরিকদের এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন ও আপসহীন। এখন সব মহলের নজর রয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে কেন্দ্র সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই।