সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ডিউটি! হঠাৎ অসুস্থ হয়ে হার্ট অ্যাটাকে মর্মান্তিক মৃত্যু পুলিশ কর্মীর

বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan) গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকা এক মুম্বই পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। মৃত ওই পুলিশ কর্মীর নাম গণেশ রায়াত, বয়স ৪১ বছর। তিনি মুম্বই পুলিশের LA-4 ইউনিটে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধেয় ডিউটির মাঝেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধে ছ’টার নাগাদ অন্য পুলিশ কর্মীদের কাছে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান কনস্টেবল গণেশ রায়াত। পরিস্থিতি বুঝে সহকর্মীরা তাঁকে অবিলম্বে চিকিৎসার জন্য বান্দ্রার ভাবা হাসপাতালে (Bhabha Hospital) নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, কর্তব্যরত অবস্থাতেই তীব্র হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যার রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সলমনের নিরাপত্তা ও বিষ্ণোই গ্যাংয়ের হুমকি: বাবা সিদ্দিকীর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ২০২৪ সালে সলমন খানের নিরাপত্তা বাড়িয়ে ‘ওয়াই-প্লাস’ (Y-plus) স্তরে উন্নীত করা হয়। অভিনেতার সুরক্ষায় ব্যক্তিগত সুরক্ষা আধিকারিকদের (PSO) পাশাপাশি এসকর্ট ভ্যান ও অস্ত্রধারী পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। ১৯৯০-এর দশকের কৃষ্ণসার হরিণ হত্যা মামলার জেরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে বারবার প্রাণনাশের হুমকি পাওয়ার পরই এই কড়া পদক্ষেপ করা হয়। এমনকি গত বছর এপ্রিল মাসে সলমনের বান্দ্রার বাসভবনের বাইরে বাইকে চড়ে এসে গুলিবর্ষণের ঘটনাও ঘটিয়েছিল বিষ্ণোই গ্যাং। কঠোর নিরাপত্তার চাদরে ঘেরা সেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরেই এই পুলিশ কর্মীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।

Pratik Saha
  • Pratik Saha