BJP-র বিশাল তেরঙা যাত্রা, কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন? জেনে নিন ট্রাফিক গাইডলাইন

স্বাধীনতার প্রাক্কালে কলকাতার রাজপথে বিজেপির বিশাল ‘তেরঙা যাত্রা’ কর্মসূচি। আগামী সোমবার, ১০ আগস্ট ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হতে চলা এই মিছিলে ৫০ হাজারের বেশি মানুষের জমায়েতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে এই বিশাল মিছিলের জেরে শহরজুড়ে তীব্র যানজটের আশঙ্কা করছে লালবাজার। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ইতিমধ্যেই ট্রাফিক নিয়ন্ত্রণের একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।
কোন কোন প্রধান রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে?
মিছিল ও জনসমাগমের জেরে সোমবার শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
রেড রোড ও খিদিরপুর রোড
কিংসওয়ে ও আর আর অ্যাভিনিউ
প্লাসি গেট রোড ও মেয়ো রোড
জওহরলাল নেহেরু রোড ও ক্যাথেড্রাল রোড
কুইন্সওয়ে, লাভার্স লেন ও ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ
কোন এলাকাগুলিতে পার্কিং নিষিদ্ধ?
যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট বেশ কিছু এলাকায় গাড়ি পার্কিং করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এর মধ্যে প্রধানত কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ অন্তর্ভুক্ত রয়েছে।
পণ্যবাহী গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা
সোমবার শহরের বিভিন্ন রুটে পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড (লেনিন সরণী থেকে মৌলালি মোড় ও হেস্টিংস পর্যন্ত), সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহেরু রোড এবং এসপি মুখার্জি রোড (রাসবিহারী অ্যাভিনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত) এলাকায় ভারী ও পণ্যবাহী যান প্রবেশ করতে দেওয়া হবে না।
বিশেষ ছাড়: তবে জরুরি পরিষেবা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহনকারী গাড়ি যেমন— এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রল, ডিজেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধের গাড়িগুলি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
পরিস্থিতি অনুযায়ী ময়দান, রেড রোড এবং মধ্য কলকাতার সংযোগকারী রাস্তাগুলিতেও ঘুরিয়ে দেওয়া হতে পারে ট্রাফিক। তাই সোমবার সকালে ঘর থেকে বেরোনোর আগে হাতে পর্যাপ্ত সময় নিয়ে এবং ট্রাফিক নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।