“শুধু পরিচয়পত্র দেখালেই হবে না!”-সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের নতুন নিয়ম জানুন এখনই

ভোটে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগেই রাজ্যে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিষেবা চালু করেছিল সরকার। গত ১ জুন থেকে মহিলারা সরকারি বাসে এই ফ্রি ভ্রমণের সুবিধা পাচ্ছিলেন। এতদিন যে কোনও একটি পরিচয়পত্র দেখালেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ মিলত। তবে এবার থেকে গোটা পশ্চিমবঙ্গে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের নিয়মে বড় বদল এল। ১ অগাস্ট থেকে রাজ্যের মহিলা যাত্রীদের জন্য চালু হয়েছে বহু প্রতীক্ষিত ‘পিঙ্ক কার্ড’। এই কার্ডের মাধ্যমেই এখন থেকে যোগ্য মহিলা যাত্রীরা সরকারি বাসে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন।

দূরপাল্লার হোক কিংবা শহরতলির— সরকারি এসি বা নন-এসি, সব বাসেই মহিলারা এই কার্ড দেখিয়ে যাতায়াত করতে পারবেন। পিঙ্ক কার্ড না থাকলে স্বাভাবিক ভাড়াই দিতে হবে। পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন— দুই মাধ্যমেই এই কার্ড তৈরি করা যাবে।

পিঙ্ক কার্ড তৈরির অনলাইন ও অফলাইন পদ্ধতি

অনলাইন পদ্ধতি: অনলাইনে পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে চাইলে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://wb.gov.in/-এ যেতে হবে। সেখানে পিঙ্ক কার্ডের জন্য নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করার পর আবেদনপত্র জমা দিতে হবে। জমা দেওয়ার পর একটি রিসিট পাওয়া যাবে, যা যত্ন করে সংরক্ষণ করতে হবে।

অফলাইন পদ্ধতি: অফলাইনের ক্ষেত্রে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে (BDO Office) এবং পুরসভা এলাকার বাসিন্দাদের নির্দিষ্ট পুরসভায় গিয়ে ফর্ম ফিল-আপ করে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র। ভেরিফিকেশনের পরই আবেদনকারীকে পিঙ্ক কার্ড প্রদান করা হবে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র

পিঙ্ক কার্ড পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে:

  • [Aadhaar Redacted]

  • ভোটার কার্ড (সংশোধিত ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক)

  • স্ট্যাম্প সাইজ ছবি

  • স্থায়ী বাসিন্দার শংসাপত্র

  • সচল মোবাইল নম্বর

তবে আবেদন করলেই যে সঙ্গে সঙ্গে কার্ড মিলবে, এমন নয়। যথাযথ যাচাই বা ভেরিফিকেশনের পর যোগ্য বলে বিবেচিত হলেই তবেই মহিলারা ‘পিঙ্ক কার্ড’ হাতে পাবেন। হাতে এই কার্ড চলে এলে সরকারি বাসে ভ্রমণের সময় আর আলাদা করে অন্য কোনও পরিচয়পত্রের প্রয়োজন হবে না এবং সরাসরি ‘০’ (জিরো) ব্যালান্সের টিকিট দেওয়া হবে।