ট্রাফিকের যন্ত্রণার দিন শেষ! ১,৫৮৭ কোটির এই প্রজেক্ট চালু হলে কলকাতার উপকণ্ঠে যাতায়াত হবে জলের মতো সহজ

মেট্রো নেটওয়ার্কের পরিধি আরও বাড়াতে এবার এক বিশাল পদক্ষেপ নিল রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)। বহুল প্রতীক্ষিত বরাহনগর-ব্যারাকপুর মেট্রো করিডর প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবার ১০টি অত্যাধুনিক এলিভেটেড মেট্রো স্টেশন এবং একটি দীর্ঘ এলিভেটেড ভায়াডাক্ট নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ই-টেন্ডার আহ্বান করেছে সংস্থাটি। সরকারি হিসেব অনুযায়ী, এই মেগা প্রকল্পের জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে ১,৫৮৭.৩৯ কোটি টাকা।
নির্বাচিত নির্মাণকারী সংস্থা বরাহনগর মেট্রো স্টেশন সংলগ্ন অংশ (স্টেশন বাদ দিয়ে) থেকে একেবারে মঙ্গল পাণ্ডে মেট্রো স্টেশন পর্যন্ত প্রায় ১২.৩ কিলোমিটার দীর্ঘ এলাকায় (চেইনেজ ৪.৬৮ কিমি থেকে ১৬.৯৮ কিমি) এই পরিকাঠামো গড়ে তুলবে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ১০টি উড়াল মেট্রো স্টেশন ও একটি সুবিশাল এলিভেটেড ভায়াডাক্ট। মূলত এই পুরো কর্মযজ্ঞটি বরানগর-ব্যারাকপুর মেট্রো করিডরের মূল সম্প্রসারণ প্রকল্পের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রূপায়ন করা হবে।
এই করিডরের কাজ সম্পূর্ণ হয়ে মেট্রো পরিষেবা চালু হলে বরাহনগর থেকে ট্রেন সোজা ব্যারাকপুর পর্যন্ত প্রসারিত হবে। ফলস্বরূপ, উত্তর ২৪ পরগনার অত্যন্ত জনবহুল এবং ঘনবসতিপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক অঞ্চলগুলির সঙ্গে কলকাতার মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা আমূল বদলে যাবে। প্রতিদিনের যাতায়াত হয়ে উঠবে অনেক বেশি দ্রুত, আরামদায়ক ও আধুনিক।
প্রকল্পের বিবিভিএস (BBVS) প্যাকেজের আওতায় বরাহনগর মেট্রো স্টেশন থেকে (স্টেশন বাদে) মঙ্গল পাণ্ডে মেট্রো স্টেশন পর্যন্ত অংশে ১০টি এলিভেটেড স্টেশন ও এলিভেটেড ভায়াডাক্ট তৈরির এই বিশাল কর্মযজ্ঞ সফল হলে উত্তর কলকাতা এবং সংলগ্ন শহরতলির বাসিন্দাদের দীর্ঘদিনের যানজটের সমস্যা অনেকাংশেই দূর হবে। আগামী দিনে এই রুট চালুর মাধ্যমে কলকাতার গণপরিবহন ব্যবস্থা এক নতুন মাইলফলক ছুঁতে চলেছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।