প্রেগন্যান্সির রাতে এই সমস্যাগুলো হচ্ছে কি? এখনই চিকিৎসকের কাছে যাবেন?

গর্ভাবস্থায় রাতে অস্বাভাবিক গরম লাগার মতো সমস্যায় ভুগে থাকেন অনেক নারী। ঘরের তাপমাত্রা স্বাভাবিক লাগলেও ঘুমাতে গেলেই ঘটে বিপত্তি। তখন ঘুমে ব্যাঘাত ঘটে এবং শরীর আগুনে পুড়ছে বলে মনে হয়। বিশেষজ্ঞরা বলছেন, হরমোনের পরিবর্তন, রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং বিপাক ক্রিয়া ত্বরান্বিত হওয়ার কারণেই এমনটি ঘটে।

গর্ভাবস্থার শুরুতে শরীরে বড় পরিবর্তনের কারণে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা বাড়ে। এই হরমোন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা প্রভাবিত করে, যা হট ফ্ল্যাশ ও রাতে ঘামের কারণ হয়। সিডিসি-র মতে, এসময় রক্তের পরিমাণ, হৃদস্পন্দন এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তবে বেশিরভাগ নারীর জন্য এটি স্বাভাবিক হলেও কিছু ক্ষেত্রে সতর্কতা জরুরি।

রাতে অতিরিক্ত গরম লাগা সামলাতে ঢিলেঢালা সুতির পোশাক পরুন, হালকা রঙের চাদর ব্যবহার করুন এবং প্রচুর পানি পান করুন। শোবার ঘর ঠান্ডা রাখুন এবং ঘুমানোর আগে ভারী খাবার পরিহার করুন। তবে এর সঙ্গে জ্বর, অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।