হার্দিকের গ্যারাজের দামী গাড়ি এখন আপনার! বিশেষ নম্বর প্লেটসহ প্রকাশ্যে এল বিক্রির বিজ্ঞাপন

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার বিলাসবহুল জীবনযাত্রা বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে। এবার আলোচনার মূলে তার ব্যবহৃত প্রিমিয়াম এসইউভি ‘রেঞ্জ রোভার ভোগ ৪.৪ এলডাব্লিউবি অটোবায়োগ্রাফি’। জানা গেছে, গাড়িটি বর্তমানে মুম্বাইয়ের অন্ধেরি ওয়েস্টের একটি জনপ্রিয় ডিলার ‘ডাইনামিক মোটরস’-এ বিক্রির জন্য রাখা হয়েছে।

২০১৯ মডেলের এই সাদা রঙের গাড়িটির ভেতরে রয়েছে আকর্ষণীয় লাল রঙের প্রিমিয়াম ইন্টেরিয়র। গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে ১.৩৫ কোটি টাকা। আশ্চর্যের বিষয় হলো, গাড়ির রেজিস্ট্রেশন এখনো ক্রিকেটার হার্দিক হিমাংশু পাণ্ডিয়ার নামেই রয়েছে। ৮০,০০০ কিলোমিটার চলা এই ডিজেলচালিত গাড়ির অন্যতম আকর্ষণ এর ভিভিআইপি নম্বর ‘১২৩৪’। গাড়িটিতে ইলেকট্রনিক এয়ার সাসপেনশন, সফট-ক্লোজ ডোর, ম্যাসাজ ফাংশনযুক্ত এক্সিকিউটিভ সিটিংয়ের মতো আধুনিক সব ফিচার রয়েছে। সোশ্যাল মিডিয়ায় গাড়িটির ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সংগ্রাহক ও অটোমোবাইল প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। হার্দিকের গ্যারাজের এই অন্যতম সেরা গাড়িটি কেনার সুযোগ পাওয়ায় বিনিয়োগকারী ও ভক্তদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে।