তেলের বাজারে হাহাকার! ৯ গুণ বেশি ভাড়ায় বুক হলো সুপারট্যাঙ্কার, ভারতে কি দাম বাড়বে?

পারস্য উপসাগর থেকে ভারতে অপরিশোধিত তেল নিয়ে আসার জন্য একটি বিশাল সুপারট্যাঙ্কারের বুকিং গোটা শিপিং ইন্ডাস্ট্রিতে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার সংস্থা ‘সিনোকোর’-এর প্রায় ২০ লক্ষ ব্যারেল ধারণক্ষমতার এই জাহাজটি স্বাভাবিকের চেয়ে প্রায় ৯ গুণ বেশি ভাড়ায় বুক করা হয়েছে। বেঞ্চমার্ক রেটের ৮৯৭ শতাংশ (৮৯৭ ওয়ার্ল্ডস্কেল পয়েন্টস)-এ এই চুক্তি সম্পন্ন হয়েছে, যা বাজার বিশেষজ্ঞদেরও অবাক করেছে।

কেন এই জাহাজের আকাল?
ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের জেরে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ‘হরমুজ প্রণালী’ প্রায় তিন মাস বন্ধ রাখতে হয়েছিল। এর ফলে নিরাপত্তা রক্ষার্থে জাহাজ মালিকরা তাদের রুট পরিবর্তন করে অন্য পথে জাহাজ পাঠিয়ে দেন। এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও, সেই জাহাজগুলোর পারস্য উপসাগরে ফিরে আসতে কয়েক সপ্তাহ সময় লেগে যাচ্ছে। ফলে সেখানে খালি জাহাজের মারাত্মক সংকট দেখা দিয়েছে।

রেকর্ড উচ্চতায় মালভাড়া
শিপিং ইন্ডাস্ট্রিতে মালভাড়া মূলত ‘ওয়ার্ল্ডস্কেল রেটস’-এর ভিত্তিতে নির্ধারিত হয়। সিনোকোরের এই বুকিং পারস্য উপসাগর থেকে সিঙ্গাপুর রুটের বেস রেটে হয়েছে, যা ৮৯৭ শতাংশে পৌঁছে গিয়েছে। যদিও এই ঐতিহাসিক চুক্তির বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

যুদ্ধ থামতেই হুড়োহুড়ি
সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তেলের বাজারে হঠাৎ করেই চাঞ্চল্য বেড়েছে। ফেব্রুয়ারি থেকে আটকে থাকা তেলের কার্গো ছাড়াতে ক্রেতারা এখন হন্যে হয়ে ট্যাঙ্কারের খোঁজ করছেন। তেল উৎপাদক দেশগুলোও দ্রুত রপ্তানি বাড়াতে চাইছে। এই পরিস্থিতিতে সিনোকোর বড় ভূমিকা নিচ্ছে। তারা আগামী ২৪ জুনের মধ্যে ইরাকের বসরা টার্মিনাল থেকে তেল লোড করার জন্য তাদের বড় জাহাজ (VLCC) প্রস্তুত রেখেছে।