ডাক্তারের চেয়ারে স্ত্রী! সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

কর্নাটকের বাগলকোট জেলায় এক সরকারি হাসপাতালে চিকিৎসকের পরিবর্তে তাঁর স্ত্রীর চিকিৎসা করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কালাদগি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মুখ্য চিকিৎসা আধিকারিক ড. এইচ. ভি. লেবাগিরির বিরুদ্ধে অভিযোগ, তিনি অনুপস্থিত থাকাকালীন তাঁর স্ত্রী রোগীদের পরীক্ষা করেন এবং প্রেসক্রিপশন লিখে ওষুধ দেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো বৈধ মেডিকেল ডিগ্রি বা সরকারি পদ না থাকা সত্ত্বেও চিকিৎসকের স্ত্রী নিয়মিত হাসপাতালের চেয়ারে বসে রোগীদের পরিষেবা দিচ্ছেন। এমনকি গর্ভবতী নারীদের চিকিৎসা করার মতো গুরুতর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে এই কারসাজিতে ক্ষুব্ধ স্থানীয়রা হাসপাতালে গিয়ে প্রতিবাদ জানালে চিকিৎসকের সঙ্গে তাঁদের তীব্র বচসা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চিকিৎসক লেবাগিরি সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, প্রেসক্রিপশনে স্ত্রীর হাতের লেখা নেই। ঘটনার সময় তাঁর স্ত্রী হাসপাতাল থেকে চম্পট দেন। সরকারি হাসপাতালে চিকিৎসার নামে এমন চরম অব্যবস্থাপনা ও রোগীর জীবনের সঙ্গে ছেলেখেলায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের কাছে নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও এই ঘটনায় পুরো স্বাস্থ্য ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে গেল।