বিনোদন দুনিয়ার কালো পর্দা ফাঁস! কুপ্রস্তাবে রাজি না হলেই ছাঁটাই? বিস্ফোরক আঁচল খুরানা

বিনোদন জগতের চাকচিক্যের আড়ালে যে কতটা অন্ধকার, অবহেলা এবং অনৈতিকতার চর্চা চলে, তা ফের একবার প্রকাশ্যে এল। ‘কুমকুম ভাগ্য’ খ্যাত ২২ বছর বয়সী তরুণী অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যজনক মৃত্যুর পর, এবার বিনোদন জগতের ভেতরের নোংরা রাজনীতির পর্দা ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী আঁচল খুরানা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তায় তিনি যেভাবে ক্ষোভ উগরে দিয়েছেন, তাতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।
আঁচল সরাসরি অভিযোগ করেছেন, গ্ল্যামার দুনিয়ায় একজন শিল্পীর মানসিক বা শারীরিক সুস্থতার কোনো গুরুত্ব নেই। তাঁর কথায়, এখানে টিকে থাকার মূল শর্ত হলো হয় অনৈতিক আপস করা, নয়তো সব অত্যাচার মুখ বুজে সহ্য করে যাওয়া। শিল্পীদের জীবন নিয়ে চ্যানেল ও প্রযোজকদের চরম উদাসীনতাকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, “আরও একটি তাজা প্রাণ ঝরে গেল। কিন্তু এই চক্র কি থামবে? চ্যানেল চায় টিআরপি, প্রযোজক চায় বাজেট কমাতে, আর দর্শক চায় বিনোদন। কিন্তু এই তিনের যাঁতাকলে পিষ্ট হওয়া মানুষটির কথা কেউ ভাবে না।”
ইন্ডাস্ট্রির সবথেকে ভয়াবহ অস্ত্র হলো ‘রিপ্লেসমেন্ট’ বা শিল্পী বদলে দেওয়া। আঁচলের দাবি, যদি কোনো শিল্পী নিজের আত্মসম্মান বজায় রাখতে অন্যায়ের প্রতিবাদ করেন কিংবা অনৈতিক কুপ্রস্তাবে রাজি না হন, তবে তাঁকে মুহূর্তের মধ্যে কাজ থেকে ছাঁটাই করা হয়। এই ‘রিপ্লেসমেন্ট’ আতঙ্কই শিল্পীদের মানসিক অবসাদের মূল কারণ। তিনি আক্ষেপ করে বলেন, যখন কোনো শিল্পী হতাশায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন, তখন নেপথ্যের এই কারণগুলো নিয়ে কারো কোনো মাথাব্যথা থাকে না।
আঁচল নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, প্রতিদিন অডিশন দেওয়া এবং রোজ রাতে প্রত্যাখ্যাত হওয়ার যন্ত্রনা এক চরম মানসিক অস্থিরতার জন্ম দেয়। তিনি তরুণ সহকর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, “আমি নিজেও এই পরিস্থিতির শিকার হয়েছি। মনে রাখবেন, গ্ল্যামারের মায়ায় পড়ে জীবন নষ্ট করার চেয়ে ফিরে যাওয়া শ্রেয়। বিপদের দিনে কোনো প্রযোজক বা চ্যানেল আপনার পাশে দাঁড়াবে না, পাশে পাবেন কেবল নিজের পরিবারকে।”
চ্যানেল ও প্রযোজকদের কেবল ব্যবসায়িক লাভ-ক্ষতির মানসিকতাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন আঁচল। তাঁর মতে, অডিশনে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও শুধুমাত্র পারিশ্রমিক নিয়ে দর কষাকষিতে রাজি না হলে বা কুপ্রস্তাবে মাথা না নোয়ালে শিল্পীদের বাদ দিয়ে দেওয়া হয়। আঁচলের এই বিস্ফোরক বয়ান টেলিভিশন জগতের ভেতরে চলা এক অসুস্থ প্রতিযোগিতার ছবি তুলে ধরল। সঞ্চিতার অকালমৃত্যু এবং আঁচলের এই প্রতিবাদ এখন ইন্ডাস্ট্রি জুড়ে তরুণ শিল্পীদের সুরক্ষা নিয়ে বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল। এই বিষাক্ত পরিবেশ থেকে তরুণ শিল্পীদের বের করে আনার কোনো সুনির্দিষ্ট উপায় আদৌ তৈরি হবে কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।