তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা বিদ্রোহে এবার নতুন মোড়। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল ‘এনসিপিআই’ (NCPI) বা ন্যাশানালিস্ট সিটিজেন পার্টি অব ইন্ডিয়া। হাওড়ার সাঁকরাইলের হাটগাছার বাণীপুরের একটি সাধারণ দোতলা বাড়ি এখন ২০ জন বিদ্রোহী সাংসদের ভবিষ্যৎ গন্তব্য। একদা শিশুদের হোমের জন্য ব্যবহৃত এই বাড়িটি এখন এনসিপিআই-এর সদর দফতর।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মাত্র ১ লক্ষ ১৩ হাজার টাকার তহবিলের এই দলটি ২০২৩ সালে ত্রিপুরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিশেষ সাফল্য পায়নি। দলের সভাপতি শান্তনু দে জানিয়েছেন, তিনি নিজেই একজন বিজেপি সমর্থক এবং দেশের স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ‘মাস্টারস্ট্রোক’-এ অস্তিত্বহীন এই দলটিকে ব্যবহার করেই তৃণমূলের অন্দরে বড় ফাটল ধরানো হয়েছে। এই দল পরিবর্তনের পেছনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র বড় কোনো নীল নকশা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাটির পথের ধারে থাকা এই সবুজ বাড়িটিই এখন ভারতীয় রাজনীতির নতুন সমীকরণ রচনার কেন্দ্রবিন্দু।





