বাস থামলেই মিলবে ‘প্রিয়দর্শিনী’ টিকিট! সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের নয়া ঘোষণা

কেরালা সরকার ‘প্রিয়দর্শিনী’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের হাজার হাজার মহিলা ও রূপান্তরকামী নাগরিকদের জন্য এক ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থম্পানুর সেন্ট্রাল বাস স্টেশন থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেছেন। কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (KSRTC)-এর প্রায় ৩,১২৫টি সাধারণ বাসে এখন থেকে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

এই প্রকল্পে কোনো পূর্ব নিবন্ধনের প্রয়োজন নেই। বাসে ওঠার পর কন্ডাক্টরের কাছ থেকে কেবল একটি ‘জিরো-ভ্যালু’ বা শূন্য মূল্যের ‘প্রিয়দর্শিনী’ টিকিট সংগ্রহ করলেই হবে। ডিজিটাল রেকর্ডের মাধ্যমে কতজন যাত্রী এই পরিষেবা পাচ্ছেন, তার স্বচ্ছ হিসাব রাখবে KSRTC। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, এটি কেবল কোনো অনুদান নয়, বরং মহিলাদের আর্থ-সামাজিক ক্ষমতায়নের এক সুচিন্তিত পদক্ষেপ। প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি টাকার আর্থিক বোঝা বহন করবে রাজ্য সরকার, যাতে সাধারণ মানুষের ওপর কোনো চাপ না পড়ে।

প্রাথমিক পর্যায়ে কেবল সাধারণ বাসে এই সুবিধা মিললেও, সরকারি পর্যালোচনার পর ভবিষ্যতে এই পরিষেবা সুপারফাস্ট বা দ্রুতগামী বাসেও চালু করার সম্ভাবনা রয়েছে। সরকারের দাবি, এই প্রকল্পের ফলে মহিলাদের যাতায়াতের খরচ ১৫ থেকে ২৫ শতাংশ কমবে, যা তাদের আর্থিক সচ্ছলতা বাড়িয়ে তুলবে। বেসরকারি বাস মালিকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের ফলে তাদের কোনো ক্ষতি হবে না এবং সেই দায়ভার রাষ্ট্র বহন করবে। নির্বাচনী প্রতিশ্রুতি মেনে সরকার গঠনের এক মাসের মধ্যেই এই বড় পদক্ষেপ কেরালার পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করল।