জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী সুমবুল তৌকির আজ ঘরে ঘরে পরিচিত নাম। ‘ইমলি’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক খ্যাতি পেলেও, তাঁর অভিনয়ের এই সফর মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুমবুল জানিয়েছেন, বিনোদন জগতে তাঁর যাত্রা শুরু হয়েছিল একটি ডান্স রিয়েলিটি শো দিয়ে, তবে ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল শুধুই অভিনয়।
সুমবুল বলেন, “ইন্ডাস্ট্রিতে টিকে থাকা এবং নিজেকে প্রমাণ করার পথটা ছিল চ্যালেঞ্জিং। ভালো-মন্দ নানা অভিজ্ঞতাই আমাকে আজকের সুমবুল হিসেবে গড়ে তুলেছে।” ‘ইত্তি সি খুশি’ সহ প্রতিটি প্রজেক্ট থেকেই তিনি নতুন কিছু শেখার চেষ্টা করেন। অভিনেত্রীর মতে, প্রতিটি চরিত্রই একজন শিল্পীর জন্য নতুন এক পরীক্ষা।
তবে দর্শকদের মানসিকতা নিয়েও অকপট সুমবুল। তিনি জানান, দর্শকরা প্রায়শই পর্দার চরিত্র এবং বাস্তব জীবনকে গুলিয়ে ফেলেন। নায়ক-নায়িকাদের কাছ থেকে বাস্তব জীবনেও সেই একই আদর্শ আশা করেন, আবার খলনায়কের চরিত্রে অভিনয় করলে দর্শকদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হতে হয়। সুমবুল মনে করেন, দর্শকদের মনে দাগ কাটতে পারা এবং প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তোলাই একজন অভিনেতার প্রকৃত সাফল্য। ভবিষ্যতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করেছেন এই তরুণ প্রতিভা।





