জাল ডিগ্রি দিয়ে শিক্ষকতা! বিজেপি বিধায়ক জয়কৃষ্ণ প্যাটেলের বিরুদ্ধে বিস্ফোরক মামলা এসিবি-র

রাজস্থানের বাগীদোরার বিজেপি বিধায়ক জয়কৃষ্ণ প্যাটেলের বিরুদ্ধে জাল শিক্ষাগত নথি ব্যবহারের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এসিবি (ACB)-র সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে যে, বিধায়ক শিক্ষক পদে নিয়োগপত্র পাওয়ার জন্য ভুয়া বিএ ডিগ্রি ব্যবহার করেছিলেন। শিক্ষা দপ্তরের যাচাইয়ের পরই এই গুরুতর অনিয়ম প্রকাশ্যে আসে।

প্রতিবেদন অনুযায়ী, বিধায়ক জয়কৃষ্ণ প্যাটেল শিক্ষক পদে থাকাকালীন গুজরাট ও সিকিমের মতো বিভিন্ন রাজ্যের ভুয়া ডিগ্রি ব্যবহার করে যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র থাকাকালীন একই সময়ে অন্য রাজ্য থেকে ডিগ্রি অর্জনের দাবি করেছিলেন, যা আইনত অসম্ভব। বিষয়টি সামনে আসতেই ২০২৩ সালে তিনি শিক্ষকতার পদ থেকে পদত্যাগ করেন, কিন্তু তার আগেই দীর্ঘ পাঁচ বছর তিনি সরকারি বেতন ও সুবিধা গ্রহণ করেছিলেন।

উল্লেখ্য, জয়কৃষ্ণ প্যাটেল এই প্রথম বিতর্কে জড়ালেন না। এর আগে ২০২৫ সালে বিধানসভায় প্রশ্ন করার বিনিময়ে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এসিবি তাঁকে গ্রেপ্তার করেছিল। এবার জাল ডিগ্রি মামলায় পুনরায় মামলার জাঁতাকলে পড়ায় তাঁর বিধায়ক পদ ও রাজনৈতিক ভবিষ্যৎ সংকটের মুখে। এসিবি-র ডিজি বিশাল বনসাল জানিয়েছেন, এই জালিয়াতির প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে বিধায়কের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।