উত্তরপ্রদেশে প্রি-মনসুনের তাণ্ডব, ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে দিশেহারা জনজীবন, জারি ৫৪ জেলায় সতর্কতা

শনিবার সকাল থেকে উত্তরপ্রদেশের আবহাওয়া পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটেছে। রাজধানী লখনউসহ রাজ্যের প্রায় ৫৪টি জেলায় প্রি-মনসুন বৃষ্টির দাপট শুরু হয়েছে। সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ আকাশ কালো করে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত শুরু হয়, যা দীর্ঘদিনের দাবদাহ থেকে কিছুটা স্বস্তি দিলেও বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। তবে এই প্রাকৃতিক দুর্যোগে কাসগঞ্জে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে; একটি বাড়ি ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১৫ ও ১৬ জুন পর্যন্ত রাজ্যে তীব্র ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ৫৪টি জেলায় সতর্কতা এবং ২২টি শহরে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার জেরে দিল্লিগামী ৮টি বিমানকে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয়েছে।
এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকপ্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত ত্রাণ সহায়তার নির্দেশ দিয়েছেন। জলমগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গাছ, বিদ্যুতের খুঁটি ও খোলা জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২০ জুন পর্যন্ত রাজ্যের আবহাওয়া এমন অস্থির থাকারই সম্ভাবনা রয়েছে।