গ্রেফতারি এড়াতে মরিয়া প্রাক্তন ক্রীড়ামন্ত্রী! মেসি-কাণ্ডে এবার কড়া পদক্ষেপ পুলিশের

লিওনেল মেসির কলকাতা সফরের সময় যুবভারতী স্টেডিয়ামে ঘটা বিশৃঙ্খলার ঘটনা যেন শেষ হতেই চাইছে না। সেই কাণ্ডে এবার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। মেসিকে জড়িয়ে ধরার বিতর্কিত ঘটনা ও পরবর্তী বিশৃঙ্খলার তদন্তে পুলিশ তাঁকে তৃতীয়বারের জন্য নোটিস পাঠিয়েছে। এবার বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে তাঁকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত মেসির সেই স্মরণীয় সফরের দিন। যুবভারতী স্টেডিয়ামের মাঠে মেসির নিরাপত্তা বলয় ভেঙে অরূপ বিশ্বাসের জড়িয়ে ধরার ঘটনাটি জাতীয় সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল। এরপরেই শুরু হয় প্রবল সমালোচনা। কলকাতা পুলিশের একাংশ ও বিধাননগর পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই অরূপ বিশ্বাসকে দুবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গেছেন বলে অভিযোগ। তবে এবার পরিস্থিতি অনেকটা জটিল।
আইনি লড়াই এড়াতে অরূপ বিশ্বাস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তিনি একটি রক্ষাকবচ বা অন্তর্বর্তীকালীন স্বস্তি লাভ করেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলায় নির্দেশ দিয়েছেন যে, ১৭ অগাস্ট পর্যন্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে পুলিশ কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না। তবে একই সঙ্গে আদালত স্পষ্ট করেছে, তদন্ত প্রক্রিয়ায় কোনো বাধা দেওয়া যাবে না। আদালত অরূপ বিশ্বাসকে শর্ত দিয়েছে যে, পুলিশ যদি তাঁকে নোটিস পাঠায়, তবে তাঁকে অবশ্যই সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে পুলিশকে নোটিস পাঠানোর অন্তত ৪৮ ঘণ্টা আগে অরূপ বিশ্বাসকে অবগত করতে হবে। এছাড়া, আদালতের নির্দেশ অনুযায়ী অরূপ বিশ্বাসকে ৭ দিনের মধ্যে নিজের পাসপোর্ট নিম্ন আদালতে জমা দিতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি রাজ্যের বাইরে বা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।
এই আইনি শর্ত মেনেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আলিপুর থানার মাধ্যমে অরূপ বিশ্বাসের বাড়িতে তৃতীয় নোটিস পৌঁছে দিয়েছে। গত রবিবার পুলিশ তাঁর বাড়িতে হাজিরার নোটিস নিয়ে গেলে সাড়া মেলেনি বলে জানা গিয়েছিল। পুলিশ তার বাড়ির দরজায় নোটিস টাঙিয়ে দিয়ে আসে। সোমবার তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি যাননি।
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও বারবার হাজিরা এড়িয়ে যাওয়া অরূপ বিশ্বাসের জন্য কতটা চাপের সৃষ্টি করতে পারে? মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে ঘিরে তৈরি হওয়া এই জটিলতা এখন রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সূত্রে খবর, আইন নিজের গতিতেই চলবে। প্রাক্তন এই ক্রীড়ামন্ত্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দেবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।