বিশ্বকাপের মাঝেই চরম বিপাকে ইংল্যান্ড! খোয়া গেল হ্যারি কেনদের বুট-কিট, বাতিল অনুশীলন

বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে প্রায় দু’দিন আগে। আর সেই উন্মাদনার মাঝেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিপর্যস্ত ইংল্যান্ড শিবির। জানা গিয়েছে, বেলিংহ্যাম ও হ্যারি কেনদের অনুশীলনের যাবতীয় সরঞ্জাম, কিটব্যাগ এবং বুট চুরি হয়ে গিয়েছে। এই অভাবনীয় চুরির ঘটনায় রীতিমতো কোণঠাসা ইংল্যান্ড ফুটবল দল। পরিস্থিতি এতটাই জটিল যে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগের প্র্যাকটিস সেশনটিই বাতিল করতে বাধ্য হয়েছেন কোচ টমাস টুচেল।

ঘটনাটি ঘটেছে আমেরিকার কানসাস সিটির সোপ সকার ভিলেজে। ইংল্যান্ডের প্র্যাক্টিসের সরঞ্জামবোঝাই গাড়ি থেকে চোরেরা বল, বুট এবং অত্যন্ত প্রয়োজনীয় কিটব্যাগের বড় অংশ হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে। শনিবার বিকেলে কোচ টমাস টুচেল ও তাঁর দলের কানসাস সিটিতে পৌঁছনোর কথা ছিল। তার আগেই এই চুরির ঘটনায় পুরো দলের পরিকল্পনা লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ক্ষতির আর্থিক পরিমাণ জানানো না হলেও, পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগজনক, তা স্পষ্ট।

ইতিমধ্যেই কানসাস পুলিশ সক্রিয় হয়ে তদন্ত শুরু করেছে। পুলিশি তৎপরতায় এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। কানসাস পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, “একটি ফুটবল দলের গাড়ি কানসাস সিটিতে পৌঁছনোর আগেই সরঞ্জাম চুরির অভিযোগ পেয়েছি আমরা। ঘটনার তদন্ত চলছে এবং খোয়া যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে।”

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগে দীর্ঘদিন ধরে ফ্লোরিডার পাম বিচে প্রস্তুতি চালাচ্ছিলেন হ্যারি কেনরা। সেখান থেকে কানসাস শহরে পৌঁছনোর পথেই এই বিপত্তি। আগামী বৃহস্পতিবার ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের। কিন্তু ম্যাচের ঠিক আগে দলের এহেন প্রয়োজনীয় সামগ্রী খোয়া যাওয়ায় ফুটবলারদের মানসিক একাগ্রতায় বড়সড় ছেদ পড়েছে বলে মনে করছে ইংল্যান্ড শিবির। প্র্যাকটিস সেশন বাতিল হওয়ার ফলে প্রস্তুতির ওপরও যে নেতিবাচক প্রভাব পড়বে, তা নিয়ে ক্ষুব্ধ কোচ টমাস টুচেল। ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী এই দল বিশ্বকাপের শুরুতেই এমন অঘটনের মুখোমুখি হওয়ায় স্বভাবতই হতাশ সমর্থকরাও। আপাতত পুলিশি তদন্তের দিকে তাকিয়ে রয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন।