নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন জনপ্রিয় গায়ক শিলাজিৎ মজুমদার। দক্ষিণ কলকাতায় তাঁর দীর্ঘদিনের বাসস্থান নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বাদ্যযন্ত্র শিল্পী অর্ণব বাচস্পতি চক্রবর্তী। অর্ণবের দাবি, যে বাড়িটিতে শিলাজিৎ থাকছেন, তা তাঁর পারিবারিক সম্পত্তি।
ঠিক কী অভিযোগ? সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে অর্ণব জানিয়েছেন, ২০১১ সালে এক বছরের চুক্তিতে বাড়িটি গান-বাজনার কাজের জন্য শিলাজিৎকে ভাড়া দেওয়া হয়েছিল। অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও তা আর নবীকরণ করা হয়নি। অর্ণবের দাবি, ২০১৪ সালের পর থেকে পরিস্থিতি জটিল হতে থাকে। যখনই বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, শিলাজিৎ বিভিন্ন অছিলায় সময় চেয়েছেন এবং শেষে বাড়ি ছাড়তে অস্বীকার করেন। মামলাটি বহু বছর ধরে আদালতে বিচারাধীন থাকলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ অর্ণবের। বর্তমানে মাকে নিয়ে তাঁকে অন্য জায়গায় ভাড়া থাকতে হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
শিলাজিতের বক্তব্য: পুরো বিষয়টি নিয়ে পাল্টা মুখ খুলেছেন শিলাজিৎ। তিনি এই অভিযোগকে ‘হেনস্থা করার চেষ্টা’ বলে দাবি করেছেন। তাঁর মতে, বাড়ি সংক্রান্ত বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং সেখানেই এর ফয়সালা হবে। ভিত্তিহীন অভিযোগ করে তাঁকে জনসমক্ষে ছোট করার চেষ্টা চলছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
শিল্পী বনাম বাড়ির মালিকের এই সংঘাত এখন সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছে। আইনি লড়াইয়ের শেষ পর্যন্ত কী হয়, এখন সেটাই দেখার বিষয়।





